প্রত্যেক ছবিই প্রথম ছবির মতো

প্রচলিত আছে—প্রতিটি প্রেমই নাকি প্রথম প্রেম। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রেও হয়েছে অনেকটা সেরকম। তাঁর প্রেম হলো তাঁর কাজ, অর্থাৎ অভিনয়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছিলেন, আক্ষরিক অর্থেই প্রতিদিন সিনেমার শুটিং করেন তিনি। কিন্তু একটানা কাজ করতে গিয়ে তাঁর মধ্যে একঘেয়েমি আসার বদলে ঘটছে উল্টো ঘটনা। অভিনয়কে এই শিল্পী এতই ভালোবাসেন যে প্রতিটি ছবিই তাঁর কাছে প্রথম ছবির মতো মনে হয়।
‘আশিকি-২’, ‘এক ভিলেন’, ‘হায়দার’, ‘এবিসিডি-২’, ‘বাগি’সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা। মুক্তির অপেক্ষায় ‘রক অন-২ ’। এই ছবি নিয়েও তিনি খুব উচ্ছ্বসিত। শ্রদ্ধা জানান এর পেছনে বিশেষ কিছু কারণও আছে। ‘আমি আমার আগের ছবিগুলোতেও গান গেয়েছি। কিন্তু ‘রক অন-২’-এর জন্য আমি প্রথম রক গানে কণ্ঠ দিই। এ জন্য রক গানের প্রশিক্ষণও নিতে হয়েছিল। দেখলাম দর্শকরাও বেশ পছন্দ করেছে। আর এই ছবিতে আমার চরিত্রটিও বেশ বৈচিত্র্যময়’, বলেছেন শ্রদ্ধা।
‘রক অন’ সিনেমা মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। তখন শ্রদ্ধার বয়স খুব বেশি নয়। শ্রদ্ধার ভাষ্য, ‘আমি অসংখ্যবার এই ছবি দেখেছি। বলতে গেলে এটি দেখতে দেখতে বড় হয়েছি।
কোনো দিন চিন্তাও করিনি যে এর সিক্যুয়েলে আমি অভিনয় করব। এটি আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো অনুভূতি।’ বলিউড লাইফ।