প্রথম ছবির প্রথম অডিশন নিয়ে অমিতাভের ব্লগ

বলিউডের কিংবদন্তি অভিনেতা ‘মেগা স্টার’ অমিতাভ বচ্চন সম্প্রতি তাঁর জীবনের প্রথম ছবির প্রথম অডিশনের স্মৃতিচারণা করেছেন। ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই তারকা অভিনেতা এক ব্লগপোস্টে সম্প্রতি তাঁর জীবনের প্রথম অডিশনের বিষয়টি তুলে ধরেন।
অমিতাভ তাঁর ব্লগপোস্টে লিখেছেন, ‘সালটা ছিল ১৯৬৯। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে আমি নির্মাতা খাজা আহমেদ আব্বাসের অফিসে গিয়ে দেখা করেছিলাম অডিশন দেওয়ার জন্য। তিনি সে সময় “সাত হিন্দুস্তানি” নামের একটি ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন।’
অমিতাভ ব্লগপোস্টে আরও লিখেছেন, ‘সেটা ছিল আমার প্রথম ছবি। প্রথম অডিশন। দেখতে দেখতেই যেন ৪৭ বছর পেরিয়ে গেছে।’
‘সাত হিন্দুস্তানি’ ছবিটির মাধ্যমেই অমিতাভ বচ্চনের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। ব্লগে ৭৩ বছর বয়সী এই ‘ওয়াজির’ তারকা তাঁর ‘অগ্নিপথ’ ছবিটি নিয়েও একটি পোস্ট শেয়ার করেছেন। ‘অগ্নিপথ’ ছবিতে অমিতাভের পাশাপাশি অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, মাধবী, নীলম কোঠারী, ড্যানি ডেনজংপা। এ ছবি নির্মিত হয়েছিল আজ থেকে ২৬ বছর আগে। ইন্দো-এশিয়ান নিউজ।