প্রভাসের বাড়ির খাবারের স্বাদ ও পরিমাণে মুগ্ধ অমিতাভ

প্রভাসের ব্যবহার অমিতাভের হৃদয় জয় করে নিয়েছে

দক্ষিণি সুপারস্টার প্রভাসের আতিথেয়তার কথা এর আগেও উঠে এসেছে। নিজের বাসা থেকে খাবার বানিয়ে প্রভাস সেটে নিয়ে আসেন বা তাঁর বাসার খাবার খেতে তিনি আমন্ত্রণ জানান। আসলে সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসেন তিনি। আজ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তাঁর বাসার খাবারের গুণগান গাইলেন। প্রভাসের ব্যবহার বিগ বির হৃদয় জয় করে নিয়েছে।

নাগ অশ্বিন পরিচালিত সায়েন্স ফিকশনধর্মী ছবিতে অমিতাভ বচ্চন ও প্রভাস একসঙ্গে অভিনয় করছেন। এ দুই তারকা ছাড়াও আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই প্রভাস আর বিগ বি এ ছবির জন্য প্রথম শট দিয়েছিলেন। অমিতাভের মতো মেগাস্টার প্রভাসের অভিনয়ের ক্ষমতা ও গুণে মুগ্ধ হয়েছেন বলে নেট দুনিয়ায় জানিয়েছেন। এদিকে প্রভাস নিজের বাসা থেকে বিগ বির জন্য সেটে খাবার নিয়ে যান। আর তাই অমিতাভ বেজায় খুশি। তিনি টুইট করে প্রভাসের এই উদারতার প্রশংসা করেছেন। আজ বিগ বি টুইট করে লিখেছেন, ‘“বাহুবলী” প্রভাস, আপনার উদারতা অপরিমেয়। আপনি আমার জন্য বাড়ির তৈরি সবচেয়ে সুস্বাদু খাবার নিয়ে আসেন। খাবারের পরিমাণ এতটাই থাকে যে একটা গোটা সেনাবাহিনীকে তা খাওয়াতে পারবেন। বিশেষ করে কুকিজের কথা বলব, যার স্বাদ অতুলনীয়। আর আপনার প্রশংসা হজম করার জায়গায় নেই।’

এর আগে অমিতাভ বচ্চন প্রভাসের অভিনয়ের প্রশংসা করেছিলেন। এদিকে প্রভাস বিগ বির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিলেন। তিনি অমিতাভের এক সিনেমার স্থিরচিত্র তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছিলেন, ‘আমার স্বপ্ন সত্যি হলো। আজ আমি প্রকল্প কে-র প্রথম শট কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে শেষ করলাম।’

অমিতাভ বচ্চন
ছবি: টুইটার

‘বাহুবলী’ ছবি মুক্তির পর থেকে প্রভাস প্যান ইন্ডিয়া তারকা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। এরপর তাঁকে ‘সাহো’ ছবিতে দেখা গেছে। তাঁর অভিনীত ‘রাধে শ্যাম’ ছবির মুক্তির অপেক্ষায় সবাই। এ ছবিতে তাঁর সঙ্গে পূজা হেগড়েকে রোমান্স করতে দেখা যাবে।

‘রাধে শ্যাম’ ছবিটি তামিল, তেলেগুর পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে। দীপিকা পাড়ুকোন ও সাইফ আলী খানের সঙ্গে প্রভাস ‘আদিপুরুষ’ ছবিতে আসতে চলেছেন। এ ছবিও প্যান ইন্ডিয়া হতে চলেছে।

প্রভাস
ছবি: ইনস্টাগ্রাম

প্রভাসের বাসার খাবারের গুণগান এর আগেও শোনা গেছে। কারিনা কাপুর খান একবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে প্রভাসের বাসার বিরিয়ানি ও কাবাবের গুণগান করেছিলেন। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির সেট থেকে প্রভাসের সঙ্গে সাইফ আলী খানের বন্ধুত্ব বেশ জমে উঠেছে। বন্ধু সাইফ আর কারিনার জন্য প্রভাস তাঁর বাসায় বানানো বিরিয়ানিসহ জিবে জল আনা হরেক রকমের পদ পাঠিয়েছিলেন। কারিনা ইনস্টাগ্রাম স্টোরিতে ডিনারের এক ছবি পোস্ট করে জানান, প্রভাস এই বিরিয়ানি পাঠিয়েছেন।

বলিউডের বেবো ছবির ক্যাপশনে লিখেছেন, ‘চলুন এবার চেখে দেখি। “বাহুবলী” যখন আপনার জন্য বিরিয়ানি পাঠিয়েছেন, তা সেরা হতে বাধ্য।’ প্রভাসের উদ্দেশে এই বলিউড নায়িকা লিখেছেন, ‘এই লোভনীয় খাবারের জন্য ধন্যবাদ প্রভাস।’
এর আগে বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরকে প্রভাসের আতিথেয়তা মুগ্ধ করেছিল। ‘সাহো’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। হায়দরাবাদে এই ছবির শুটিং চলাকালে প্রভাস শ্রদ্ধাকে তাঁর বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। এ কথা শ্রদ্ধা প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

১৯৭৯ সালের ২৩ অক্টোবর জন্মেছিলেন প্রভাস
কোলাজ

শ্রদ্ধা বলেছিলেন, ‘প্রভাসের আপ্যায়ন দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল না এটা আমাদের প্রথম সাক্ষাৎ ছিল। আমার জন্য ও রাজকীয় আয়োজন করেছিল। বিরিয়ানি, কাবাব থেকে আরও বাহারি পদ ছিল। দোসা যে কত ধরনের হতে পারে, তা সেদিন প্রভাসের বাড়িতে না গেলে হয়তো জানতে পারতাম না। আর প্রতিটি খাবার ছিল অত্যন্ত সুস্বাদু।’