প্রভুদেবাই এখন অভিষেকের ভরসা

অনেক দিন থেকেই অভিষেক বচ্চন একক নায়ক হিসেবে সাফল্য পাচ্ছেন না। ‘সরকার’, ‘বান্টি অউর বাবলি’, ‘উমরাও জান’, ‘গুরু’, ‘দিল্লি-সিক্স’-এর মতো ছবি কেন যেন দর্শক তাঁর কাছ থেকে আর পাচ্ছেন না?
সাম্প্রতিককালে অভিষেকের যেসব ছবি বক্স অফিসে চলেছে, এর সব কটিই তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে আছে ‘বোল বচ্চন’, ‘ধুম থ্রি’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘হাউসফুল থ্রি’।

একক নায়ক হিসেবে তাঁর সর্বশেষ ছবি ‘অল ইজ ওয়েল’ একদমই চলেনি। এবার অভিষেক ফিরতে চাইছেন। তাই পরবর্তী ছবির পরিচালক হিসেবে বেছে নিয়েছেন প্রভুদেবাকে।
প্রভুদেবা পড়তি তারকার ক্যারিয়ারে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। সালমান খান যখন হারিয়ে যেতে বসেছিলেন, তখন প্রভুদেবা তাঁকে নিয়ে বানালেন ‘ওয়ান্টেড’। তারপর থেকে এখনো সালমান শতকোটি ক্লাবের একের পর এক ছবি উপহার দিয়ে চলেছেন। অক্ষয় কুমারের সবচেয়ে বড় হিট ছবি ‘রাউডি রাঠোর’ও পরিচালনা করেছেন প্রভুদেবা। এখন তিনি অভিষেককে একটি হিট ছবি উপহার দিতে যাচ্ছেন সম্ভবত।
ছবিটির চিত্রনাট্য প্রায় তৈরি। অভিষেকের চরিত্রটি এ ছবিতে খেয়ালি মানুষের। যেহেতু প্রভুদেবার ছবি, আশা করা হচ্ছে অ্যাকশন ও নাচে ছবি হবে ভরপুর। বলিউড লাইফ