প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এবার তিনি কাজ শুরু করছেন প্রযোজক হিসেবেও। সম্প্রতি প্রযোজক হিসেবে নিজের লক্ষ্যের কথা জানালেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, ‘প্রযোজক হিসেবে আমি নতুন লেখকদের তুলে আনতে চাই। ভালো গল্প ও ভাবনাকেন্দ্রিক ছবি তৈরি করতে চাই। এ রকম একটি কাহিনি হচ্ছে ম্যাডামজি।’ এই ছবিটির মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে তাঁর।
বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘আমি ছোটখাটো একজন প্রযোজক। তাই বড় বাজেটের ছবি তৈরি করতে চাই না। এ ছাড়া কারও কাছ থেকে সুবিধাও নিতে চাই না। নিজেকে প্রমাণের জন্য আমার একটি ছবিই যথেষ্ট। নতুন প্রতিভাবানদের নিয়ে আমি ছোটখাটো ছবি বানাতে চাই।’ এর সঙ্গে তিনি যোগ করলেন, ‘আমি অনেক প্রতিভাবানকে জানি, যাঁরা একটা সুযোগের অপেক্ষায় থাকেন। কিন্তু তাঁদের সেই সুযোগ মেলে না। আমি গল্পকার তৈরি করে নিতে চাই। ভালো গল্প না পেলে আমি কোনো ছবি বানাব না।’
মধুর ভান্ডারকার পরিচালিত ম্যাডামজি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা নিজেই।