প্রযোজনায় স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহা আলী খান-কুনাল খেমু
সোহা আলী খান-কুনাল খেমু

সোহা আলী খান ও তাঁর স্বামী কুনাল খেমু নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান চালু করছেন। শুরুতে অন্য প্রযোজকের সঙ্গে সহযোগী প্রযোজক হিসেবে যোগ দেওয়ার ইচ্ছা তাঁদের। আর ‘বায়োপিক’ বা জীবনিভিত্তিক ছবি দিয়েই প্রযোজনার কাজ শুরু করতে চান তাঁরা।
সোহা জানান, ‘প্রথম যে ছবিটি আমরা প্রযোজনা করব যেটি হবে একটি বায়োপিক। একজন জীবন্ত কিংবদন্তির জীবন নিয়ে আমরা এই ছবিটি বানাব। তবে, তিনি বলিউড বা ক্রীড়াঙ্গনের কোন ব্যক্তিত্ব নন।’
কোন ব্যক্তির জীবন নিয়ে তাঁরা ছবি বানাবেন তাঁর নাম এখনো প্রকাশ করেননি সোহা। জানিয়েছেন, ছবির পরিচালক ও অভিনয়শিল্পী এখনও চূড়ান্ত হয়নি। সব চূড়ান্ত হলেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কি অভিনয় করবেন সোহা? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আমি বা কুনাল কাজের সুযোগ পাওয়ার জন্য কিন্তু এই প্রযোজনা প্রতিষ্ঠান খুলিনি। আমাদের সৃজনশীল চিন্তাগুলোকে কাজে লাগানোর জন্যই এই উদ্যোগ। আর কাজ করার জন্য ভালো চিত্রনাট্য খোঁজা আমাদের আরেকটি উদ্দেশ্য।’

সোহা আলী খানকে আগামীতে দেখা যাবে ‘থার্টি ফার্স্ট অক্টোবর’-ছবিতে। এটি মুক্তি পাবে ৭ অক্টোবর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।