প্রশ্নপত্রেও দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

কোথায় নেই দীপিকা পাড়ুকোন? বলিউডে আছেন। হলিউডে আছেন। আছেন ফোর্বস-এর সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী কিংবা ভ্যানিটি ফেয়ারের পরবর্তী প্রজন্মের তারকা তালিকায়। দীপিকাকে এবার পাওয়া গেল ভারতীয় বিমান বাহিনীর ভর্তি পরীক্ষাতেও! ভর্তি পরীক্ষায় এবার যে একটি প্রশ্ন এসেছিল দীপিকাকে নিয়ে।
প্রশ্নটি ছিল, ২০১৬ সালে কোন ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন দীপিকা? চারটি সম্ভাব্য উত্তর দেওয়া ছিল: পিকু, বাজিরাও মাস্তানি, তামাশা ও হ্যাপি নিউ ইয়ার। সিনেমা দেখাটা এত দিনে কাজে লাগল বটে কিছু কিছু মানুষের!
অবশ্য এই প্রথম ভারতের কোনো পাবলিক পরীক্ষায় বলিউড নিয়ে প্রশ্ন এল না। এই তো গত বছরও সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রশ্ন এসেছিল বাহুবলী ছবিটি থেকে। তবে সিনেমা নিয়ে প্রশ্ন আসা এক কথা আর একজন অভিনেত্রীকে নিয়ে আসা আরেক ব্যাপার। এই মুহূর্তে বলিউডের রাজত্বটা যে তাঁর দখলে, এ নিয়ে আর কোনো সংশয় নিশ্চয়ই আপনার থাকল না।
দীপিকা নাকি পদ্মাবতীর জন্য ১১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এই খবর গুঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে। তবে সত্যি সত্যিই দীপিকা ১১ কোটি নিয়ে থাকলেও এতে হয়তো এখন আর অবাক হওয়ার কিছু নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস।