প্রসেনজিৎ নয়, হট সিটে 'বুম্বাদা'

‘প্রশ্ন এমন, যা বদলে দেবে জীবন। নমস্কার। আমি প্রসেনজিৎ চ্যাটার্জি। কে হবে বাংলার কোটিপতি?’ বললেন প্রসেনজিৎ, ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা। এবার তিনি সঞ্চালনা করবেন। ভারতের টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এবার বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নিয়ে আসছে কালারস বাংলা। অনুষ্ঠানের নাম ‘কে হবে বাংলার কোটিপতি’। এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
প্রসেনজিৎ জানালেন, প্রসেনজিৎ না, এই শোয়ে তিনি ‘বুম্বাদা’ হয়ে থাকবেন। হট সিটে বসবেন ‘বুম্বাদা’। কেন? ভারতের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, ‘বাংলার মানুষ আমাকে গত ৩০-৩৫ বছর ধরে বুম্বা হিসেবে ভালোবাসেন। এখানে যাঁরা আসবেন, তাঁদের হয়তো অনেক স্বপ্ন রয়েছে। বুম্বা হিসেবে সেই স্বপ্নকে কিছুটা যদি এগিয়ে দিতে পারি, তা হলে সেটা হবে আমার পরম পাওয়া।’
তিনি আরও বললেন, ‘বাড়ির মা-মাসি আর বোনেরা কিন্তু বুম্বাদাকে এত বছর ধরে ভালোবাসা দিচ্ছেন। অনেক দিন তাঁরা আমাকে পাচ্ছেন না। তাঁদের কাছে তো পৌঁছাতে হবে।’
গতকাল সোমবার কলকাতার এক পাঁচতারকা হোটেলে এই অনুষ্ঠানের ঘোষণা হলো। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কালারস বাংলার রিজওনাল হেড রাহুল চট্টোপাধ্যায় এবং ভায়াকম ১৮-এর রিজওনাল হেড রভীশ কুমার।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রসেনজিতের সঞ্চালনার তুলনা করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রসেনজিৎ বলেন, ‘আমি অমিতাভ বচ্চনের ভীষণ ভক্ত। আর তুলনা তো জীবনের অংশ। আমি তাঁকে শ্রদ্ধা করি, তাঁর কাছ থেকে সব সময় কিছু না কিছু শেখার চেষ্টা করি। বাঙালি আমাকে বুম্বাদা হিসেবে চেনে আর তারা আমার স্টাইলও জানে।’
এর আগে টিভিতে ‘বাংলার সেরা পরিবার’ সঞ্চালনা করেছেন প্রসেনজিৎ। আবার ছোটপর্দায় ফিরছেন, আপনি কিছুটা নার্ভাস? প্রসেনজিৎ বললেন, ‘কিছুটা তো বটেই।’
জানালেন, শুধু সঞ্চালনা নয়, চমক থাকবে সংলাপেও। অমিতাভ বচ্চনের জনপ্রিয় সংলাপ ‘লক কর দিয়া যায়’। ‘কে হবে বাংলার কোটিপতি’ অনুষ্ঠানে এর বাংলা কী হবে? জানা গেছে, এসব নিয়ে কাজ করছে একটা ক্রিয়েটিভ টিম। ভাবনার মূলে আছেন সিদ্ধার্থ বসু।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘কে হবে বাংলার কোটিপতি’র টিজার। ১৬ জুলাই থেকে সপ্তাহের সোমবার থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় কালারস বাংলায় দেখা যাবে অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠান কে সঞ্চালনা করবেন, তা নিয়ে কালারস বাংলার কর্তৃপক্ষকে অনেক ভাবতে হয়েছে। তাদের সামনে ছিল কয়েকটি নাম। তাঁরা প্রত্যেকেই জনপ্রিয়। কিন্তু কালারস বাংলার কর্তৃপক্ষ চেয়েছে এমন একজন ব্যক্তিকে, যিনি একই সঙ্গে জনপ্রিয়, পাশাপাশি তাঁর মেধা আছে আর সঞ্চালনার কাজ দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। সবদিক বিবেচনা করে ‘কে হবে বাংলার কোটিপতি’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তারা বেছে নিয়েছে ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎকে।
তবে এত দিন এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে ছিলেন কালারস বাংলার কর্তৃপক্ষ। কিছুই প্রকাশ করতে চাননি। প্রসেনজিৎ ছবির শুটিং নিয়ে খুবই ব্যস্ত। তিনি এখন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কিশোর কুমার জুনিয়র’ ছবির কাজ করছেন। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ছবির কাজ শুরু হবে। তাতেও কাজ করবেন প্রসেনজিৎ। আরও কয়েকটি ছবির শুটিংয়ের সময় আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে। সবকিছু দ্রুত ম্যানেজ করা সহজ কথা নয়।