প্রার্থনা করেছেন বলিউড তারকারাও
>শিল্পীমন সাধারণ মানুষের থেকে একটু বেশি স্পর্শকাতর। গত শুক্রবার রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে জিম্মি দেশি ও বিদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে পুরো তারকা অঙ্গন। হত্যাকাণ্ডের এ ঘটনায় আমরা তাঁদেরই কয়েকজনের প্রতিক্রিয়া তুলে ধরছি।
ঢাকার গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় শোক ও সংহতি প্রকাশ করেছেন বলিউড তারকারাও। তাঁদের কেউ কেউ ঢাকায় এসেছেন বেড়াতে বা শুটিংয়ের কাজে। কেউ বা দূর থেকে বাংলাদেশের জন্য কষ্ট পেয়েছেন।

এক টুইট বার্তায় বলিউড অভিনেতা রাহুল বোস লিখেছেন, ‘২০১৪ সালে আন্ডার কনস্ট্রাকশন ছবির শুটিং করতে বাংলাদেশে গিয়েছিলাম। সে সময় গুলশানেই ছিলাম। কত দ্রুত এই পৃথিবী বদলে যাচ্ছে। যাঁরা আক্রমণের শিকার, তাঁদের প্রতি আমার সমবেদনা।’
অভিনেত্রী সোহা আলি খান তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমার ভাবনা ও দোয়া ঢাকার মানুষদের সঙ্গে আছে। সন্ত্রাসীরা ভয়, রাগ আর বিভক্তি ছড়ানোর জন্যই ভুলভাবে ধর্মের আহ্বান জানাচ্ছে। তাদের জিততে দেওয়া যাবে না।’
কলকাতার নায়ক জিৎ টুইট করেছেন, ‘ঢাকায় যাঁদের ওপর আক্রমণ করা হয়েছে ও যাঁরা জিম্মি হয়ে আছেন, তাঁদের জন্য প্রার্থনা করছি। খুবই দুঃখজনক ঘটনা। সেখানে শান্তি নেমে আসুক। সন্ত্রাসবাদের নিন্দা জানাই।’
ভারতীয় গায়িকা ও অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি টুইট বার্তায় হ্যাশট্যাগ ঢাকা অ্যাটাক দিয়ে লিখেছেন, ‘প্রার্থনা’। এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।