প্রিয় অভিনয়শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌমিত্র চট্টোপাধ্যায় ,নাসিরউদ্দিন শাহ
সৌমিত্র চট্টোপাধ্যায় ,নাসিরউদ্দিন শাহ
বলরাজ সাহানি
বলরাজ সাহানি

বড় শিল্পীদের ভাবনায়ও মিল থাকে কখনো কখনো। একই শিল্পীর অভিনয় দেখে মুগ্ধ হন তাঁরা। সব সময় অবশ্য একে অন্যের পছন্দের বিষয়টি না-ও জানতে পারেন। আবার অকস্মাৎ তা জেনেও যান। সৌমিত্র চট্টোপাধ্যায় এ রকমই একটি মজার গল্প শোনালেন।
তাঁর বর্ণনায়: ‘আমার আইডল ছিলেন বলরাজ সাহানি। কম বয়সেই বুঝে গিয়েছিলাম ভারতীয় সিনেমা যে অভিনয়শিল্পীদের জন্ম দিয়েছে, তাঁদের মধ্যে এই অভিনেতাই সেরা। এ ব্যাপারে আমি একটা ছোট্ট ঘটনা বলি। কোনো এক বছর আমি আর নাসিরউদ্দিন শাহ একই সময়ে প্যারিসে ছিলাম। ল মঁদ পত্রিকার এক সাংবাদিক এসেছিলেন আমার সাক্ষাৎকার নিতে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, “কোন অভিনেতারা আপনার অনুপ্রেরণা?” বললাম, আমি নাম বললেও আপনি তাঁদের চিনতে পারবেন না। তবে আমি আপনাকে বলব, বলরাজ সাহানি আমার বড় এক অনুপ্রেরণা। তখন সেই সাংবাদিক বললেন, “আমি তাঁর কোনো সিনেমা দেখিনি, তবে গতকাল যখন আমি নাসিরউদ্দিন শাহকে এই একই প্রশ্ন করেছিলাম, তখন তিনিও তাঁর আইডল হিসেবে বলরাজ সাহানির নাম বলেছেন।” আমি বললাম, সিনেমা নিয়ে যাঁরা গভীরভাবে চিন্তা করেন, তাঁরা সবাই তাঁর নামটি বলবেন। এরপর আমার আগ্রহ জাগল, নাসিরউদ্দিন তাঁর দ্বিতীয় আইডলের নামটা কী বলেছিলেন। সাংবাদিক ভদ্রলোক হাসলেন এবং বললেন, “সৌমিত্র চট্টোপাধ্যায়”!’
ফিল্মফেয়ারকে দারুণ এই গল্পটি বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।