প্রিয়াংকা চোপড়া অনুতপ্ত!

বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া নাকি অনুতপ্ত! কেন? কারণ তিনি নাকি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলেন। এসব বিজ্ঞাপনে বলা হয়, এই নায়িকার তরতাজা ত্বকের রহস্যের পেছনে আছে এই বিশেষ ক্রিমের অবদান, আর তখনই সবাই এই ক্রিম কিনতে শুরু করে। বেড়ে যায় সেই ক্রিমের বিক্রি। এখন যখন এসব কথা ভাবেন, তখন প্রিয়াঙ্কার অনুশোচনা হয়। তিনি মনে করেন, প্রত্যেক নারীর তার নিজের সৌন্দর্য নিয়ে খুশি থাকা উচিত। তাতে আত্মবিশ্বাস অনেক বাড়ে।
প্রিয়াংকা বলেন, ‘আমিও একবার বিজ্ঞাপনে এমনটাই বলেছিলাম। এরপর নানা সময় সদ্য টিনএজ পেরোনো মেয়েদের মানসিক অবসাদে ভুগতে দেখেছি। তখন মনে হয়েছে, ইশ! আমি এটা কী করলাম? আমি সত্যিই এই বিজ্ঞাপন করায় অনুতপ্ত।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা জানান, এই ধরনের বিজ্ঞাপনগুলো গায়ের রং নিয়ে বৈষম্য আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষত তরুণেরা সব সময়ই সেলিব্রিটিদের অনুসরণ করতে চায়। নিজের গায়ের রং নিয়ে সবাই এখন সচেতন। ফরসা আর সুন্দরী হওয়ার ইঁদুর দৌড়ে তরুণীদের মধ্যে মানসিক অবসাদ বাড়ছে।
শুধু প্রিয়াংকা চোপড়া একা নন, ফেয়ারনেস ক্রিম বা ফেয়ারনেস জেলের বিজ্ঞাপনে অংশ নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন বলিউডের অনেক সেলিব্রিটি।