প্রিয়াঙ্কা চোপড়ার ছবিতে আনুশকা শর্মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মা
প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মা

বলিউড ও হলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যে ছবি প্রযোজনা করতে যাচ্ছেন—দিন কয়েক হলো এ খবর জানিয়েছে মুম্বাইয়ের সংবাদমাধ্যমগুলো। কিন্তু আজ ২৫ জানুয়ারি মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রযোজক প্রিয়াঙ্কার প্রথম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আনুশকা শর্মা।

গত বছর নির্মাতা জয়া আকতারের ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা ও আনুশকা। এ বছর যদি আনুশকা শর্মা প্রিয়াঙ্কা চোপড়ার এই নতুন ছবিতে কাজ করেন, সে ক্ষেত্রে এ বছর তাঁরা আবারও একসঙ্গে ছবিতে কাজ করবেন।

অবশ্য এবারে আনুশকা-প্রিয়াঙ্কা ঠিক একসঙ্গে অভিনয় করবেন না। বরং প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা পার্পল পিবল পিকচার্সের নতুন ছবিতে অভিনয় করবেন আনুশকা।

এই ছবি সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ ছবিতে আনুশকা অভিনয় করবেন এক পুলিশ কর্মকর্তার চরিত্রে।

সূত্রটি আরও জানিয়েছে, প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া এ ছবিতে অভিনয়ও করতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি শুধু ছবিটি প্রযোজনার দায়িত্ব নিয়েই থাকতে চেয়েছেন।

এদিকে পার্পল পিবল পিকচার্সের ঘনিষ্ঠ একটি সূত্র এ ছবিতে আনুশকা শর্মার অভিনয় করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সমসাময়িক তারকা অভিনেত্রীদের ক্ষেত্রে এটাই হবে প্রথম ঘটনা, যেখানে একজন তারকা অভিনেত্রীর প্রযোজিত ছবিতে অভিনয় করছেন তাঁরই সময়ের আরেকজন তারকা অভিনেত্রী। এনডিটিভি। মিড-ডে।