প্রিয়াঙ্কা 'খিচুড়ি' দীপিকা 'বিরিয়ানি'!

প্রিয়াঙ্কা ‘খিচুড়ি’ আর দীপিকা ‘বিরিয়ানি’! কার কথা? কার বক্তব্য এটা! রণবীর সিংয়ের কথাবার্তা যে বরাবরই এমন গোছের তা কাছের লোকেরা ভালো করেই জানেন। নইলে তাঁর এমন মন্তব্যে আসলেই ধুন্ধুমার লেগে যেত। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর সিং সঞ্জয় লীলা বনশালীর ‘বাজীরাও মাস্তানি’ ছবিতে তাঁর দুই নায়িকার চরিত্র সম্পর্কে বলতে গিয়ে এমন মন্তব্যই করেছেন।
ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে একপর্যায়ে রণবীর তাঁর স্বভাবসুলভ রসিকতার ঢংয়ে বলেন, এ ছবিতে ‘কাশী (প্রিয়াঙ্কা) খুব ভালো স্ত্রী; মাস্তানি (দীপিকা) হচ্ছে মোহময়ী, দুজন ভিন্ন দুই চরিত্রে অভিনয় করছে। একজন ঘরোয়া আর অন্যজন একেবারে ‘ডাকু’ রাজকন্যা। একজন যদি খিচুড়ি হয় তো অন্যজন বিরিয়ানি।
সম্প্রতি সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবির ‘কাশী বাঈ’ প্রিয়াঙ্কার ফার্স্ট লুকও প্রকাশ করেছে টিম ‘বাজিরাও মাস্তানি’। রণবীর এ নিয়ে টুইটও করেছেন— আ স্টর্ম ইজ কামিং, (A STORM IS COMING .......... #BajiraoMastani’’)।
অবশ্য, ফিল্মফেয়ারকে দেওয়া রণবীরের এ সাক্ষাৎকারের পর প্রিয়াঙ্কা বা দীপিকা কেউই এ মন্তব্যের বিষয়ে ইতিবাচক অথবা নেতিবাচক কোনো পাল্টা মন্তব্য করেননি। রণবীর যে এমনই তা সম্ভবত দুজনেই ভালো করে জানেন।