প্রিয়াঙ্কাকে কাছে পেতে গ্রীষ্মে 'বসন্ত উৎসব'

একটু বিশ্রামের অবকাশ নেই। কাল নিউইয়র্ক, আজ আসাম, তো পরশু লন্ডন। এভাবেই প্রিয়াঙ্কা চোপড়া উড়ে বেড়াচ্ছেন একেক দেশের এক শহর থেকে আরেক শহরে। তাঁর সময় মেনেই অনুষ্ঠানের আয়োজক ও ভক্তরা নিজেদের সময়সূচি সাজিয়ে নিচ্ছেন। এ জন্যই পিসির (প্রিয়াঙ্কার ডাকনাম) আসামের ভক্তরা এই তারকার সান্নিধ্য পাওয়ার জন্য গ্রীষ্মে উদযাপন করল বসন্ত উৎসব।
গত শুক্রবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে উড়াল দেন ভারতের আসামের উদ্দেশে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী জানান, আসামের পর্যটনদূত হিসেবে কিছু অনুষ্ঠানে যোগ দিতে ও একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিতে তাঁর এই আসাম সফর। আসামে পৌঁছেই প্রিয়াঙ্কা অংশ নেন সেখানকার জোড়হাট এলাকার সুবর্ণ প্রভা বড়দলৈ বালিকা বিদ্যালয়ের বসন্ত উৎসবে। এই উৎসবে প্রিয়াঙ্কা আসামের স্থানীয় শিল্পীদের সঙ্গে বিহু নাচ নাচেন। স্থানীয় ঐতিহ্য মেনে নেচে-গেয়ে বসন্তকে উদযাপন করেন।
আসামের এই বসন্ত উৎসবে আগেই অংশ নেওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র নতুন মৌসুমের শুটিং ও এর প্রচার শুরুর কাজে বাজেভাবে আটকে যান তিনি। তাই বসন্ত পেরিয়ে যাওয়ার পরও আসি আসি করে আসামে আসা হচ্ছিল না তাঁর। অবশেষে বৈশাখের মাঝামাঝিতে সব কাজের ফাঁকে যখন সময় মিলল প্রিয়াঙ্কার, আসামে তখনই এল বসন্ত! সূত্র: হিন্দুস্তান টাইমস।