প্রিয়াঙ্কার অনামিকায় বাগদানের আংটি!

আর লুকিয়ে লাভ নেই। ধীরে ধীরে সব সামনে চলে আসছে। এবার পাপারাজ্জিদের ক্যামেরায় প্রিয়াঙ্কা চোপড়ার অনামিকায় নতুন একটি আংটি ধরা পড়েছে। শুরুতে আংটি লুকানোর চেষ্টা করেন তিনি। যখন ব্যর্থ হলেন, তখন নিজেই একবার ভালো করে তাকালেন আংটির দিকে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘পিপল ডটকম’ জানিয়েছে, বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাস এখন বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে তাঁদের বাগদান হয়েছে। প্রিয়াঙ্কার অনামিকায় বাগদানের আংটি পরিয়ে দিয়েছেন নিক। আর তা হয়েছে গত ১৮ জুলাই, লন্ডন শহরে, প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিনে।
১৭ জুলাই গভীর রাতে লন্ডনের একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসকে। সেখান থেকে ফিরে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে তাঁর জন্মদিনের কেকের একটি ছবি পোস্ট করেন। এ ছাড়া প্রিয়াঙ্কা বলেন, এবারের জন্মদিনটি তাঁর জন্য ‘বিশেষ’। এই দিনটি নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে কাটিয়েছেন।

এদিকে এই দুই তারকার ঘনিষ্ঠ বন্ধুদের বরাত নিয়ে পিপল ডটকম জানিয়েছে, ‘তারা দুজনই খুব খুশি।’ আরও জানা গেছে, ‘পরিবার ও বন্ধুরা নাকি নিককে আগে কখনো এতটা খুশি দেখেনি। প্রিয়াঙ্কার ব্যাপারে নিক খুব সিরিয়াস।’
১৬ জুলাই রাতে লন্ডনের আরেকটি রেস্তোরাঁ থেকে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসকে বেরিয়ে আসতে দেখা যায়। এ সময় তাঁরা এক অন্যের হাত ধরে ছিলেন। ওই রেস্তোরাঁয় আরও ছিলেন নিকের ভাই জো জোনাস, জোর হবু স্ত্রী সোফি টার্নার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিকের পরিবারের সঙ্গে এই বিশেষ ডিনারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
গতকাল শুক্রবার পরিচালক আলী আব্বাস জাফর টুইটারের মাধ্যমে জানান, ‘ভারত’ ছবিতে কাজ করছেন না প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লিখেছেন, ‘“ভারত” ছবির সঙ্গে আর থাকছেন না প্রিয়াঙ্কা। কারণ, তাঁর জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে। তাঁর জন্য অনেক ভালোবাসা রইল। প্রিয়াঙ্কার ভবিষ্যৎ সুখী জীবন কামনা করছে “ভারত” ছবির পুরো টিম।’

আলী আব্বাস জাফরের টুইটের পরই ভারতীয় গণমাধ্যমে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হতে চলছে বলে জোর কানাঘুষা শুরু হয়েছে। ‘ভবিষ্যৎ সুখী জীবন’ বলতে যে প্রিয়াঙ্কার বিয়ের ইঙ্গিতই দিয়েছেন আলী আব্বাস জাফর, সে বিষয়ে খুব একটা সন্দেহ আর কারও থাকার কথা নয়।
মার্কিন পপ সংগীতের তারকা নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের খবর আগেই রাষ্ট্র হয়েছে। তাঁদের মধ্যকার এই সম্পর্ক কবে বিয়েতে গড়াচ্ছে, তা নিয়েই এখন যত জল্পনা-কল্পনা। এখন শোনা যাচ্ছে, আগামী ১৯ নভেম্বর নিক জোনাস আর প্রিয়াঙ্কার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে।
সম্প্রতি মুম্বাইয়ে মিস চোপড়ার পরিবারের সদস্যদের সঙ্গে নিক দেখা করেন। এরপরই গণমাধ্যম ও জনমুখে জনপ্রিয় এই জুটির বিয়ে নিয়ে নানা কথা রটতে শুরু করে।