প্রিয়াঙ্কার গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

কেবল ভারতের মধ্যে তাঁর কার্যক্রম এখন আর সীমাবদ্ধ নয়। এশিয়ার গণ্ডি পেরিয়ে পশ্চিমি দুনিয়ায় বেশ নাম ডাক হয়েছে ইতিমধ্যে। পশ্চিমের মিডিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করায় নিজেকে গর্বিত মনে করছেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি একটি ইমেইল সাক্ষাৎকারে এমন কথাই বললেন সাবেক বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতীয় সিনেমা ও অভিনেতাদের নিয়ে পশ্চিমের ভুল ধারণাকে পরিষ্কার করেছি। আমি আমাদের মেধায় আস্থা রাখি। আমাদের কী আছে, তা ঠিকভাবে বুঝে নেওয়ার জন্য আমি সারা বিশ্বের চোখ খুলে দিয়েছি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে প্রত্যেককেই আমি আমাদের সিনেমা সম্পর্কে বলেছি। আমাদের দারুণ কিছু পরিচালক, লেখক, কারিগরী কলাকুশলী ও অভিনয়শিল্পীর সম্পর্কে জানিয়েছি। আমরা সিনেমাকে বদলে দিয়েছি, একটু একটু করে বেড়ে উঠেছি। বিশ্বকে আমাদের দেখার এখনই সময়।’
প্রিয়াঙ্কা ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে তাঁর পশ্চিমী যাত্রা শুরু করেন। তিনি শুধু পশ্চিমা দর্শকদের মনই জয় করেননি, জিতেছেনও পুরস্কার। শিগগিরই তাঁকে ‘বেওয়াচ’ ছবিতে ডোয়াইন জনসনের (রক) সঙ্গে দেখা যাবে। হিন্দুস্তান টাইমস।