প্রিয়াঙ্কার চাওয়া...

ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষের কাছে কত-কী না চাওয়া যেতে পারে। একগুচ্ছ লাল গোলাপ কিংবা ১০৮টি নীল পদ্ম! কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া কিনা তাঁর ভালোবাসার মানুষের কাছে চাইলেন হৃৎপিণ্ড! কী সাংঘাতিক কথা! এখন প্রশ্ন করতে পারেন, প্রিয়াঙ্কার ভালোবাসার মানুষ কে? একজন তারকার কাছে তাঁর ভক্তরাই তো সবচেয়ে কাছের ও প্রিয়। তাই প্রিয়াঙ্কা এবার ভ্যালেন্টাইনস ডে–তে ভক্তদের কাছেই এই আবদার করেছেন। তবে প্রিয়াঙ্কার এই চাওয়া একটি মহৎ উদ্দেশ্যেই।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা তাঁর ভক্তদের উদ্দেশে টুইটারে একটি বিশেষ টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘১৪ ফেব্রুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখুন...নিজের হৃদ্যন্ত্র দান করে প্রেমিক হিসেবে নিজেকে অর্থবহ করে তুলুন।’
বলিউডের আরেক তারকা সাইফ আলী খানও প্রিয়াঙ্কার মতো স্বেচ্ছায় শরীরের অঙ্গ দানের আহ্বান জানিয়েছেন সবাইকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রচারণা চলছে। সেটির সমর্থন করেই এই দুই তারকা হৃদ্যন্ত্র দানের আহ্বান জানিয়েছেন ভক্তদের। জুম টিভি