প্রিয়াঙ্কার ডাবল ডেট!

চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। আজ ভারত, কাল ব্রাজিল, তো পরশু যুক্তরাষ্ট্র। তিনি যেখানেই যান না কেন সঙ্গে আঠার মতো লেগে থাকছেন মার্কিন পপ তারকা নিক জোনাস। প্রেমিকার সঙ্গে প্রেমিক থাকবেন—এ আর নতুন কী!
পাপারাজ্জিদের কাছে প্রিয়াঙ্কা-নিক এখন কাঙ্ক্ষিত জুটি। তাই তাঁদের পেছন ছাড়ছেন না তাঁরা। হালের আলোচিত এই তারকা জুটি কোথায় যাচ্ছেন, কী করছেন, কী খাচ্ছেন—তার প্রায় সবটাই ক্যামেরাবন্দী করে জানিয়ে দিচ্ছে বিশ্বকে। পাপারাজ্জিদের কল্যাণে সেলেব মিস চোপড়ার চুটিয়ে প্রেম করার নিত্যনতুন কাহিনি সামনে আসছে। এ নিয়ে হলিউড-বলিউডে আলোচনার খোরাক তৈরি হচ্ছে। ভক্তকুলও প্রিয় তারকার খুঁটিনাটি খবরাখবর লুফে নিতে সময় নিচ্ছে না।
এই যেমন গতকাল বুধবার ইনস্টাগ্রামে পোস্ট হওয়া কিছু ছবি ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। ছবির মাধ্যমে প্রিয়াঙ্কার নতুন এক সঙ্গীর খবর মুহূর্তেই ভাইরাল হয়। অনলাইনে হরদম টিপ্পনী, হাস্যরস চলে।

ব্রাজিলের গোয়ানিয়া থেকে নিউইয়র্ক উড়ে গিয়ে কার সঙ্গে দেখা করেছেন ‘কোয়ান্টিকো’ তারকা? তবে কি ডাবল ডেট করছেন প্রিয়াঙ্কা!
না, ভয়ের কোনো কারণ নেই প্রিয়াঙ্কা-ভক্তদের। প্রিয়াঙ্কার ভাইরাল হওয়া ছবির সঙ্গী আর কেউ নয়, সে বলিউড তারকা সালমান খানের দুই বছর বয়সী ভাগনে আহিল শর্মা। সালমানের বোন অর্পিতার ইনস্টাগ্রামেই প্রথম এই ছবি আপলোড করা হয়। সঙ্গে সঙ্গেই ভাইরাল। শেয়ার হয়েছে অসংখ্যবার।
ছবিতে দেখা যায়, মিস চোপড়ার হাত ধরে হাঁটছে খুদে আহিল। যেন তারা কত পরিচিত! কত সাবলীল! লালরঙা পোশাকে দারুণ লাগছিল সাবেক মিস ওয়ার্ল্ডকে। আহিলও কম যায়নি। সাল্লুর ভাগনে বলে কথা! নীল টি-শার্টের সঙ্গে মিলিয়ে নীল জুতো তার। খুদে এই সেলেবকে বেশ লাগছিল প্রিয়াঙ্কার সঙ্গে। ক্ষণিকের মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তোলে প্রিয়াঙ্কা-আহিল জুটি।
এরই মধ্যে প্রিয়াঙ্কা বেশ কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটিয়ে এসেছেন প্রেমিক নিক জোনাসের সঙ্গে। সম্প্রতি ব্রাজিলের গোয়ানিয়াতে ‘ভিল্লামিক্স উৎসব ২০১৮’ আয়োজনে গান করেছেন মার্কিন পপ তারকা নিক। এ সময় মঞ্চে নিজের মুঠোফোনে সেই ছবি তুলেছেন প্রেমিকা প্রিয়াঙ্কা। এরপরই ব্রাজিল থেকে সোজা নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন দুজন।
পর্দা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, সবখানেই সমান জনপ্রিয় সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা। তাই তো তাঁকে নিয়ে এত আলোচনা, গুঞ্জন। বলিউডের পাশাপাশি এখন হলিউডেও ব্যস্ত সময় কাটছে তাঁর। খুব শিগগির সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে কাজ শুরুর কথা রয়েছে ‘হটেস্ট ওম্যান’ প্রিয়াঙ্কার।
