প্রিয়াঙ্কার দেহঘড়ি গোলমাল করি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড-বলিউডে ভীষণ ব্যস্ত প্রিয়াঙ্কা। ছবি: এএফপি।
হলিউড-বলিউডে ভীষণ ব্যস্ত প্রিয়াঙ্কা। ছবি: এএফপি।

তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই...। আসলেই যেন এখন আর স্থায়ী ঠিকানা নেই প্রিয়াঙ্কা চোপড়ার। আজ হলিউড তো কাল বলিউড। পৃথিবীর এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। একদিকে যখন সূর্য ওঠে, অন্যদিকে তখন রাত। আর এই দৌড়ঝাঁপ করতে গিয়েই প্রিয়াঙ্কা চোপড়ার দেহঘড়ি এলোমেলো হয়ে গেছে। ঘুমহীন রাত্রি যাপন করছেন সাবেক বিশ্বসুন্দরী। নিজের পা এবং শোয়ার ঘরের একাংশের ছবি টুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তো ঘুম হারিয়ে গেল, আর মাথায় চিন্তা এসে ভর করল। ভাবছি এর কারণ কি জেটল্যাগ, নাকি অতি ভ্রমণের স্মৃতির যন্ত্রণা #লেটনাইটমিউজিংস।’ ‘কোয়ান্টিকো’ দিয়ে শুরু করে এখন বেশ নিয়মিতই কাজ করছেন হলিউডে। এ জন্যই আজ যুক্তরাষ্ট্রে তো কাল ফিরছেন মুম্বাই। এতটা দৌড়ঝাঁপ করার মাঝে নিদ্রাহীন দিন কাটানো খুবই প্রত্যাশিত ব্যাপার। ১৬ আগস্ট টুইট করেছিলেন, ‘চললাম...মুম্বাই মেরি জান...হোম সুইট হোম।’ বলিউডের ‘দেশি গার্ল’ এখন হয়ে গেছেন পরদেশি। ব্যস্ত সময় কাটাচ্ছেন হলিউডে। লিয়াম হেমসওয়ার্থ ও রেবেল উইলসনের সঙ্গে কাজ করছেন ‌‘ইজন্ট ইট রোমান্টিক’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন টড স্ট্রস-শুলসন, মুক্তি পাবে ২০১৯। এ ছাড়া কাজ করছেন সাইলাস হাওয়ার্ডের ছবি ‘আ কিড লাইক জেইক’। সঙ্গে আছেন জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিওরি’র শেলডন কুপার ওরফে জিম পারসনস।

এই সেই টুইট।
এই সেই টুইট।
জেটল্যাগ কী ও কেন
যাঁদের দীর্ঘ বিমানভ্রমণের অভিজ্ঞতা আছে, তাঁরাই জানেন, জেটল্যাগ কী! কারও কারও কাছে এ এক যন্ত্রণার নাম। ধরুন, আপনি ঢাকা থেকে দুপুরে বিমানে উঠলেন এবং ১২ ঘণ্টা পর এমন একটি শহরে নামলেন, যেখানে সকাল, কিন্তু ঢাকায় তখন মাঝরাত। তাই নতুন জায়গায় আপনার শরীর আগের সময়সূচিতে চলতে থাকবে, সকালবেলা ঘুম পাবে, রাতের বেলা জেগে থাকবেন। এই গোলমাল সারতে বেশ কয়েক দিন লেগে যায়। একেই বলে জেটল্যাগ। টাইম জোনের পরিবর্তনের ফলে আমাদের শারীরিক কার্যক্রমের ছন্দ নষ্ট হয়। ফলে খিদে, ঘুম, হরমোন নিঃসরণে ব্যাঘাত ঘটে। এর লক্ষণ হচ্ছে ঘুমের ব্যাঘাত, মাথাব্যথা, বিরক্তি, বমি বমি ভাব, মাংসপেশির ব্যথা ও শারীরিক দুর্বলতা। সাধারণত জেটল্যাগ কাটিয়ে উঠতে কারও হয়তো এক দিন লাগে, আবার কারও হয়তো কয়েক দিন লেগে যায়। কিছু সাবধানতা অবলম্বন করে জেট ল্যাগসংক্রান্ত জটিলতা কমানো যায়।