প্রিয়াঙ্কার নতুন বছরের পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র শুটিং শেষ করে মাত্রই ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর মধ্যে কিছু বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন। আর পরবর্তী হিন্দি ছবিতে অভিনয়ের জন্য চিত্রনাট্য পড়ছেন। এত দিন টানা কাজ করার পর তাই একটু বিরতি দরকার প্রিয়াঙ্কার। এ জন্য ইংরেজি নববর্ষে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে ছুটিতে যাচ্ছেন তিনি। আর নতুন বছরের পণও ঠিক করে ফেলেছেন। কী সেই পণ?
প্রিয়াঙ্কা জানান, তিনি সাধারণত নতুন বছরের কোনো পণ করেন না। কারণ, সেই পণ কখনোই ঠিকভাবে পালন করতে পারেন না তিনি। তবে এবারও মনে মনে একটি প্রতিজ্ঞা করেছেন।
এই ‘বেওয়াচ’ তারকা জানান, ‘নতুন বছরে আমি আমার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে চাই। কফি পান বাদ দিতে চাই আর ঠিকমতো ঘুমাতে চাই। আর অবশ্যই নিয়মিত জিমে যেতে চাই। যদিও আমি প্রায় নিশ্চিত যে এগুলোর কিছুই আমি ঠিকমতো পালন করতে পারব না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।’
নতুন বছরের প্রথম প্রহর প্রিয়াঙ্কা কাটাবেন ভারতের গোয়ায়। সেখানে প্রিয়াঙ্কার একটি বাড়ি আছে। পরিবার ও খুব কাছের কয়েকজন বন্ধু নিয়ে সেখানে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা আছে তাঁর। বলিউড বাবল।