প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে মায়ের টেনশন নেই

৩৩ বছরের বেশি কেটে গেল প্রিয়াঙ্কা চোপড়ার। ১৯৮২ সালের ১৮ জুলাই ভারতের বিহারে ঝাড়খন্ডে তাঁর জন্ম। ভারতের আইন অনুযায়ী প্রিয়াঙ্কার বিয়ের বয়স হয়েছে বেশ আগেই। মেয়ে বড় হলে মায়েরা তার বিয়ের চিন্তা করেন। বলিউডের অনেক পুরোনো নায়িকাই বিয়েটা সেরে ফেলেছেন। যাঁরা বাকি আছেন, তাঁদের নিয়েও বলিউডে নানা রকম খবর রয়েছে। তবে প্রিয়াঙ্কার মায়ের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত কি না, এমনই প্রশ্ন করা হয়েছিল তাঁর মা মধু চোপড়াকে। তিনি বললেন, ‘প্রিয়াঙ্কার এমন মনোভাবের সঙ্গে আমি খুবই পরিচিত। আমিও ওকে বিয়ের কথা বলেছিলাম। কিন্তু ও আমাকে বোঝায় যে এখন সে খুব ভালো জায়গায় আছে। কাজ নিয়ে ব্যস্ত। বলিউডের পর হলিউডে এখন জমিয়ে কাজ করছে ও। আপাতত ক্যারিয়ারেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রিয়াঙ্কা।’ প্রিয়াঙ্কার মা বলেন, ‘আপাতত আর টেনশন করছি না। ও এখন খুবই ভালো আছে। খুশিতে আছে। এরপর ও আমাকে জিজ্ঞাসা করে যে আমি কি এই উত্তরে দুঃখ পেলাম। তখন আমি বলি, না। তখন ও বলে যে তাহলে আমাকে এখন এসব বিষয় থেকে রেহাই দাও। তুমি পাশে থাকো, তাহলেই আমি সব চিন্তা থেকে মুক্তি পাব।’
২০০০ সালে প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ‘ঠামিজান’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে ‘দ্য হিরো’ ছবির মাধ্যমে প্রবেশ করেন। ২০০৪ সালে ‘আন্দাজ’ ছবির জন্য তিনি সেরা নবাগত নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি ‘ফ্যাশন’ ছবির জন্য ‘সেরা অভিনেত্রী’ হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন।
সূত্র : বলিউড লাইফ