প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা পছন্দ নয় দীপিকার

হলিউডে কাজ শুরু করার পর থেকেই প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে শুরু হয়েছে ‘তুলনা’ করার খেলা। কে বেশি এগিয়ে! অথচ বলিউডে কাজ করার সময়গুলোতে কিন্তু এসব ছিল না। এত দিন এ নিয়ে কিছু না বললেও এবার মুখ খুললেন দীপিকা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন, এই তুলনার খেলা তাঁর একদম পছন্দ হচ্ছে না।
‘তুলনা’ করাটা দীপিকার পছন্দ না হওয়ারই কথা। কেননা সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কার বলিউড ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে। আর দীপিকা সেখানে যোগ দেন ২০০৭-এ। সম্প্রতি ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার তুলনা করা একদম ঠিক না। আমাদের দুজনের পথ একেবারে আলাদা।’
২০১৫ সালে মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-তে অভিনয় দিয়েই পশ্চিমা গণমাধ্যমে কাজ শুরু করেন প্রিয়াঙ্কা। আর দীপিকার প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’ মুক্তি পেল চলতি মাসে। এ বছরের মাঝামাঝি মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড ছবি ‘বেওয়াচ’। এই দুই অভিনেত্রী একসঙ্গে কাজ করেছেন সঞ্জয়লিলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে। হিন্দুস্থান টাইমস।