প্রীতিও ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতা
প্রীতি জিনতা

একের পর এক অপ্রীতিকর খবরে জড়িয়ে পড়া প্রীতি জিনতা এবার প্রীতিকর সংবাদ দিলেন। অভিমান করে বলিউড থেকে স্বেচ্ছানির্বাসন নিয়েছিলেন। এবার আবার রুপালি পর্দার সঙ্গে সম্প্রীতি তৈরির সময়। আবারও বলিউডে ফিরছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।
মনি রত্নমের মতো পরিচালকের ছবি দিয়ে অভিষেক হয়েছিল। প্রথম ছবিতেই কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে। সেই ছবিতে পার্শ্বচরিত্রের আড়াল ছিল বটে, কিন্তু পরের ছবি সোলজার-এ সুপারডুপার হিট। অবশ্য তাঁর বলিউডের ক্যারিয়ার ছিল শেয়ারবাজারের উত্থান-পতনের গ্রাফের মতো। ২০১৩ সালে ইশক ইন প্যারিস বক্স অফিসে গোত্তা খাওয়ার পর নির্বাসনে চলে যান প্রীতি। কাজল-ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন হয়তো অনুপ্রাণিত করেছে তাঁকে। তিন বছরের ছুটির ইতি টেনে দিচ্ছেন তাই।
কয়েক বছর ধরে আইপিএল নিয়ে ব্যস্ত ছিলেন। তখনকার প্রেমিক নেস ওয়াদিয়ার সূত্রে কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানা কেনেন। পরে ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কটায় কাদা মাখামাখি হয় বিস্তর। অতীতের ধুলো-কাদা মুছে প্রীতি আবার ফিরতে চান শিগগিরই। এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি। তবে সানি দেওলের সঙ্গে মুক্তির অপেক্ষায় আছে তাঁর একটি ছবি, ভাইয়াজি সুপারহিট। পিঙ্কভিলা।