প্রীতির কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই না হলে বলিউডের বাদশা! ভুল করলেন, আবার ভুলের জন্য প্রকাশ্যেই ক্ষমা চাইলেন। তিনি আবারও প্রমাণ করলেন, নিজের ভুলটা স্বীকার করে দ্রুত ক্ষমা চেয়ে সমাধানের দিকে যাওয়াতে তিনি সিদ্ধহস্ত। এ জন্য আলাদা করে কাউকে মনে করিয়ে দিতে হয় না।

জনপ্রিয় গান ছাইয়া ছাইয়ার ছবি ‘দিল সে’-এর ১৮ বছর পূর্তি উপলক্ষে উদ্‌যাপনের দিন এ ঘটনাটি ঘটে। ১৮ বছর আগে মুক্তি পেয়েছিল ‘দিল সে’। ওই সময়ের নবীন নায়িকা প্রীতির জিনতার সঙ্গে সেটাই শাহরুখের প্রথম কাজ। মণিরত্নম পরিচালিত ওই ছবিতে ছিল ভারতের উত্তর–পূর্বাঞ্চলের প্রেক্ষাপটে এক জঙ্গির সঙ্গে সাংবাদিকের প্রেমের গল্প। ছবির নায়িকা ছিলেন মনীষা কৈরালা।

সেই উদ্‌যাপনে রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নায়ক। সেখানে টিম ‘দিল সে’-কে ধন্যবাদ দিয়েছেন। শেয়ার করেছেন ‘দিল সে’ নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। কিন্তু প্রীতিকে ধন্যবাদ দিতে পুরোপুরিই ভুলে যান তিনি। ভুলটা বুঝতে পেরেই প্রীতির কাছে ক্ষমা চেয়ে নেন। তারপর সবার সঙ্গে প্রীতিকেও ধন্যবাদ দিয়ে নতুন করে আরও একটি ভিডিও পোস্ট করেছেন।

বলিউডে মণিরত্নমের অভিষেক সিনেমা ‘দিল সে’। এ আর রহমান তাঁর ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গানগুলো করেছিলেন এ সিনেমার জন্য। অভিষেক ঘটেছিল প্রীতি জিনতার। মূল নায়িকা ছিলেন মনীষা কৈরালা। শাহরুখ নিজেকে উজাড় করে অভিনয় করেছিলেন। কিন্তু গতানুগতিক ভালোবাসার গল্পের বাইরে বিকল্প হওয়ার কারণে নিতে পারেনি দর্শক। তবে ছবিতে অপেক্ষাকৃত ছোট চরিত্রে অভিনয় করলেও প্রীতির শরীরী ভাষা, টোল পড়া গালের লাস্যময়ী হাসি মাতিয়ে দিয়েছিল উপমহাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস।