প্রীতির বিয়ে!

বলিউডের তারকা প্রীতি জিনতা সম্প্রতি খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় লিখেছেন, ‘জানুয়ারিতে বিয়ে করছি না। অন্তত এক বছর এ নিয়ে কোনো আলোচনা শুনতে চাই না... প্লিজ।’ সংবাদমাধ্যমগুলো কিন্তু বলছে অন্য কথা। প্রীতির বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণও নাকি চূড়ান্ত হয়ে গেছে!
বোঝাই যাচ্ছে নেহাত বিরক্ত হয়েই এই টুইট করেছেন প্রীতি। আসলে প্রীতি জিনতার বিয়ে নিয়ে তাঁর ভক্তদের অনেক আগ্রহ। আর এ কারণেই প্রীতি জিনতার বিয়ে নিয়ে আবারও ডানা মেলেছে গুজব।
এদিকে বলিউডভিত্তিক বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নিজের বিয়ের নিমন্ত্রণ করতে নাকি ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রীতি জিনতা নিজেই তাঁর বন্ধুদের ফোন করেছিলেন। ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি বিয়ের তারিখ। আর এ বিয়ের অনুষ্ঠানটি হবে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলেসে।
তবে প্রীতির বিবাহোত্তর সংবর্ধনাটা হবে মুম্বাইতেই। পাত্র আইপিএলে প্রীতির সঙ্গী জিন গুডএনাফ। মার্কিন ওই যুবকের সঙ্গে ১৮ মাস ধরে প্রেম চলছে তাঁর।
অবশ্য বিয়ের এই খবর অস্বীকার করেছেন প্রীতি জিনতা। সংবাদ পোর্টালগুলো থেকে ছড়িয়ে পড়া এ খবরের বিরুদ্ধে টুইটও করেছেন তিনি। টুইট বার্তায় প্রীতি লিখেছেন, ‘দয়া করে আমার বিয়ের ঘোষণাটা আমাকেই দিতে দিন।’ তিনি আরও লেখেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের এত আগ্রহ মেনে নেওয়া যায় না৷ বিয়ের এই মিথ্যে খবরে আমি ভীষণ বিরক্ত হয়েছি৷’
প্রসঙ্গত, নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যুবরাজ সিংহের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল। টাইমস অব ইন্ডিয়া।