প্রীতির বিয়ের খবর জানা গেল টুইটে!

বেশ কিছুদিন ধরেই বলিউডের তারকা প্রীতি জিনতার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়ল প্রীতির বিয়ে খবর। বিয়ের খবরটা অবশ্য প্রীতি জানাননি। প্রীতির বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের টুইটারে অভিনন্দন বার্তা থেকেই পাওয়া গেল সাত পাকে বাধার পড়ার খবরটি। এতে প্রায় সব জল্পনা-কল্পনার অবসানও বোধ হয় হলো।
এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যবসায়ী জিন গুডএনাফের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছেন প্রীতি জিনতা। ২৯ ফেব্রুয়ারি খুব কাছের স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে প্রীতি জিনতার বিয়েটা হয়েছে। বিয়ের জন্য প্রীতিকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন কবীর বেদি, ফারাহ খানসহ কয়েকজন বলিউড তারকা। আগামী এপ্রিলে মুম্বাইয়ে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান বেশ ধুমধাম করেই হবে বলেও জানা গেছে।
আজ মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম প্রীতির বিয়ের খবর প্রচার করে। সুজান খান, সুরিলি গোয়েলের মতো প্রীতির বন্ধুরা লসএঞ্জেলসের ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও খবরে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারও করেছেন সুজান। তবে বিয়ে কবে হয়েছে সেটা নিশ্চিত নয়।
এর আগে প্রীতি জিনতা টুইটারে লিখেছিলেন, ‘জানুয়ারিতে বিয়ে করছি না। অন্তত এক বছর এ নিয়ে কোনো আলোচনা শুনতে চাই না..., প্লিজ।’ এই বিয়ের খবর সত্য হলে এবার বোধ হয় প্রীতি বলবেন, প্লিজ এ নিয়ে কোন প্রশ্ন নয়।
চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কে ভাঙনের পরই মার্কিন ব্যবসায়ী জিন গুডএনাফের সঙ্গেই সম্পর্কের কথা শোনা যাচ্ছিল।
আরও পড়ুন..
বিয়ে নিয়ে মুখ খুললেন প্রীতি
প্রীতির বিয়ে পেছাল!