প্রেমিকাকে শারীরিক নির্যাতন করায় আরমানের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরমান কোহলি
আরমান কোহলি

রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগী ও বলিউডের নায়ক আরমান কোহলির নামে মামলা করেছেন তাঁর প্রেমিকা নিরু রান্ধাওয়া। মুম্বাইয়ের শান্তা ক্রুজ থানায় আরমানের নামে শারীরিক নির্যাতনের মামলা করা হয়েছে। প্রেমিকাকে প্রচণ্ড প্রহার করায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আরমানের সেই প্রেমিকা নিরু এখন মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার অনলাইন সংস্করণ। আরমানের নামে নারী নির্যাতনের চারটি ধারায় মামলা হয়েছে।

আরমান কোহলি ও হাসপাতালে নিরু রান্ধাওয়া
আরমান কোহলি ও হাসপাতালে নিরু রান্ধাওয়া

২০১৫ সাল থেকে নিরুর সঙ্গে প্রেম করছেন আরমান। নিরু পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। এত দিন তাঁরা একসঙ্গেই থাকতেন। সম্প্রতি নিরুকে বাজেভাবে শারীরিক নির্যাতন করেন আরমান কোহলি। সাংঘাতিক জখম হওয়ায় নিরু রান্ধাওয়া হাসপাতালে ভর্তি হন। তবে এর আগেও আরমান কোহলির নামে শারীরিক লাঞ্ছনার মামলা হয়। ‘বিগ বস’ প্রতিযোগিতা থেকে বের হওয়ার পর সেখানকার আরেক প্রতিযোগী সোফিয়া হায়াত আরমানের নামে শারীরিক লাঞ্ছনার মামলা করেন। ওই সময় কারাবাসও করতে হয় আরমানকে। এরপর তিনি জামিনে মুক্তি পান।

আরমান কোহলি ও তাঁর প্রেমিকা নিরু রান্ধাওয়া
আরমান কোহলি ও তাঁর প্রেমিকা নিরু রান্ধাওয়া

চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক রাজকুমার কোহলি আর পাঞ্জাবের নায়িকা নিশির ছেলে আরমান। হিন্দি ছবি ‘বিরোধী’তে অভিনয় করে তাঁর বলিউডে যাত্রা শুরু। এরপর তিনি ‘কাহার’, ‘জানি দুশমন’সহ কয়েকটি ছবিতে অভিনয় করেন। অবশ্য বলিউডে তিনি ফ্লপ নায়ক হিসেবেই বিবেচিত। আরমান কোহলি মূলত আলোচনায় আসেন রিয়্যালিটি শো ‘বিগ বস’ দিয়ে। সেখানে থাকার সময় বলিউড তারকা কাজলের ছোট বোন তানিশার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। আরমান কোহলিকে বলিউডে শেষ দেখা গেছে সালমান খানের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’তে।