প্রেমিকার আপত্তিতে আত্মজীবনী প্রত্যাহার

বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমোর’ অনলাইনে প্রকাশিত হওয়ার ছয় দিনের মাথায় তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন লেখক নিজেই। এই লেখকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আত্মজীবনীতে মিথ্যাচার করেছেন। আর এই অভিযোগ করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাবেক দুই প্রেমিকা নীহারিকা সিং ও সুনিতা রাজওয়ার। তাঁদের অভিযোগ, বইয়ের কাটতি বাড়ানোর জন্য জীবনের গল্পগুলোতে রং-মসলা মাখিয়েছেন নওয়াজউদ্দিন। নীহারিকা সিংয়ের পক্ষে আইনজীবী গৌতম গুলাটি ভারতের জাতীয় নারী কমিশনে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এদিকে আজ সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নওয়াজউদ্দিন লিখেছেন, ‘আমার স্মৃতিকথা ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এই বইয়ের বিভিন্ন তথ্য যাঁদের অনুভূতিতে আঘাত দিয়েছে, আমি তাঁদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। আর এ কারণে আমি আত্মজীবনীটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

নওয়াজউদ্দিনের ‘মিস লাভলি’ সিনেমার সহশিল্পী ও সাবেক প্রেমিকা নীহারিকা সিং প্রথম এই অভিনেতার বিরুদ্ধে মুখ খোলেন। নওয়াজউদ্দিন তাঁর আত্মজীবনীতে লিখেছেন, নীহারিকার বাড়িতে প্রথম যেদিন তিনি আমন্ত্রণ পান, সেদিনই নাকি তাঁকে কোলে তুলে শোবার ঘরে ঢুকেছিলেন। আত্মজীবনীর এই অধ্যায় নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে বিষয়টি নীহারিকার নজরে আসে। তিনি বলেন, ‘এসব তথ্য মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত।’
এদিকে আত্মজীবনীতে নওয়াজউদ্দিন যাঁকে তাঁর প্রথম প্রেমিকা বলে দাবি করেছেন, সেই সুনিতা রাজওয়ার ফেসবুকে এই তারকার উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। সুনিতা বলেন, ‘আগে থেকেই মানুষের সহানুভূতি কুড়ানো নওয়াজউদ্দিনের স্বভাব। বইয়ে নওয়াজউদ্দিন লিখেছেন, ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়ার সময় আমাদের কোনো দিন দেখা হয়নি। এটি ডাহা মিথ্যা কথা। আমরা তখন ঘনিষ্ঠ ছিলাম না ঠিকই, কিন্তু আমাদের কয়েকবার দেখা হয়েছে।’

‘মাঝি: দ্য মাউন্টেনম্যান’ ছবির তারকা নওয়াজউদ্দিনের লেখায় প্রকাশ পায় সুনিতা তাঁকে ধোঁকা দিয়েছেন। তিনি লিখেছেন, তাঁর সংগ্রামী জীবন ও দারিদ্র্য দেখে সুনিতা প্রেম ছেড়ে পালিয়ে গেছেন। এই কথার জবাবে সুনিতা বলেন, ‘আদতে বিষয়টা এমন নয়, নওয়াজ। তুমি কী করে ভুলে যাও যে আমি তখন তোমার থেকেও সংগ্রামী একজন শিল্পী ছিলাম। আমি তোমাকে তোমার দারিদ্র্যের জন্য ছাড়িনি, ছেড়েছি তোমার দরিদ্র মানসিকতা আর হীন ভাবনার জন্য।’ এনডি টিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস