প্রেমের গুজব একঘেয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশান্তের নতুন গাড়িতে পাশের সিটে কৃতি শ্যানন
সুশান্তের নতুন গাড়িতে পাশের সিটে কৃতি শ্যানন

কোনো ছবির মুক্তির আগে নায়ক-নায়িকার প্রেমের গুজব ছড়ানো বলিউডে নতুন কোনো ঘটনা নয়। অনেক সময় তো এটি ছবির প্রচারের অন্যতম কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু সিনেমা মুক্তির আগ দিয়ে এই ধরনের গুজব সুশান্ত সিং রাজপুতের কাছে খুবই বিরক্তিকর। শুধু তা-ই নয়, এগুলো রীতিমতো তাঁর কাছে একঘেয়ে লাগে।

বলিউডের এই অভিনেতার সঙ্গে অভিনেত্রী কৃতি শ্যাননের প্রেমের গুজবে বেশ কিছুদিন যাবৎই গণমাধ্যমগুলো মুখর হয়ে আছে। যদিও ‘রাবতা’ ছবির দুই নায়ক-নায়িকা তাঁদের প্রেমের কথা কখনোই স্বীকার করেননি। তবে ভাবগতি দেখে যা বোঝা যায়, তা যে শুধু বন্ধুত্বের থেকে একটুখানি বেশি, সেটি স্পষ্ট।

সুশান্ত বলেন, ‘ছবির সহশিল্পীর সঙ্গে প্রেমের গুজব রটা নতুন কোনো বিষয় নয়। এটি এখন আমার কাছে খুবই একঘেয়ে একটা ব্যাপার। এমনকি পাঠকেরাও এসব খবরকে গুরুত্ব দেন না।’ সুশান্তের ধারণা, মানুষ ক্ষণিকের আনন্দের জন্য এই ধরনের রসাল প্রতিবেদন পড়ে, আবার তা দ্রুত ভুলেও যায়।

সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত

এদিকে, দিন কয়েক আগে সুশান্ত সিং তাঁর নতুন গাড়িতে কৃতিকে নিয়ে বেড়াতে বের হলে তাঁদের প্রেমের গুজব যেন আরও মাথাচাড়া দিয়ে ওঠে। যে ধরনের খবরকে সুশান্ত একঘেয়ে বলছেন, সেসব আবার কৃতির কাছে নোংরামো। কারণ, গণমাধ্যমের এসব খবরে তাঁর পরিবারকেও নানা জায়গায় বিব্রত হতে হচ্ছে।

এই প্রসঙ্গে কৃতি বলেন, ‘যাঁর বিপরীতে অভিনয় করব, তাঁর সঙ্গে জড়িয়ে প্রেমের গুজব তৈরি হবে, এটা নতুন কোনো ঘটনা না। আমি জানি না আসলে এসব নিয়ে আমার কী বলা উচিত। আর কতইবা বলব? তবে বিষয়টা এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আমার পরিবারকেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিষয়টা কিছুটা অস্বস্তিকর।’

‘রাবতা’ মুক্তি পাবে আগামী ৯ জুন। এটি পরিচালনা করেছেন দীনেশ বিজন। এনডিটিভি।