ফারহানের সংসার ভাঙল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মেয়ের সঙ্গে ফারহান ও অধুনা
দুই মেয়ের সঙ্গে ফারহান ও অধুনা

‘বলিউডে সম্পর্ক ঠুনকো’-কথাটি যেন সত্যি হলো আরও একটিবারের মতো। তা না হলে এত সহজেই কি ভেঙে যেতে পারে ১৫ বছরের সংসার? বলিউডের তারকা অভিনেতা, পরিচালক ও গায়ক ফারহান আখতার ও তাঁর স্ত্রী হেয়ারস্টাইলিস্ট অধুনা আখতার সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। গতকাল ভারতের বিভিন্ন গণমাধ্যমে পাঠানো একটি লিখিত বিবৃতির মধ্য দিয়ে বিবাহিত জীবনের ইতি টানলেন এ দুই আলোচিত বলিউড ব্যক্তিত্ব।


তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০০০ সালে অধুনা ভবানিকে বিয়ে করেন ফারহান আখতার। ফারহানের চেয়ে বয়সে ৬ বছরের বড় অধুনা। বিয়ের পর অধুনা নিজের নামের শেষে যোগ করেন ‘আখতার’ পদবি। কিন্তু গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতির কোথাও উল্লেখ করেননি ‘আখতার’ কিংবা ‘ভবানি’ কোনো পদবিই।

শাকিয়া ও আকিরা নামে ফারহান ও অধুনার দুই মেয়ে রয়েছে। তাঁদের ভবিষ্যৎ নিয়ে লিখিত বিবৃততে বলা হয়, ‘আমরা, অধুনা ও ফারহান, পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। তবে আমাদের সন্তানেরা সব সময়ই আমাদের প্রাধান্য তালিকায় সবার ওপরে থাকবে। দায়িত্বশীল মা-বাবার মতো আমরা সব সময় তাঁদের পাশেই থাকব। জনসমক্ষে কোনো ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতিতে তাঁদের ফেলতে চাই না।

তাই আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ব্যক্তিজীবন নিয়ে শ্লেষাত্মক মন্তব্য না করে, আমাদের এই কঠিন সময়কে অতিক্রম করার সাহস জোগাবেন। ধন্যবাদ।’