ফারহানের 'পণ্ডিতজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

হুইলচেয়ারে ভর করে চলা গম্ভীর-ঋজু একজন গ্র্যান্ডমাস্টার দাবা খেলুড়ে, যাকে সবাই ডাকেন ‘পণ্ডিতজি’ বলে। বড়পর্দায় শিগগিরই এমনই এক চরিত্রে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে দেখা যাবে। বিজয় নাম্বিয়ারের ‘ওয়াজির’ চলচ্চিত্রে​ এই ‘পণ্ডিতজি’ হিসেবেই অভিনয় করছেন তিনি। মজার বিষয় হচ্ছে— ছবির ‘পণ্ডিতজি’ অমিতাভের সহ অভিনেতা ফারহান আখতার ইদানীং তাঁকে বাস্তবেও ‘পণ্ডিতজি’ বলেই ডাকছেন।

‘ওয়াজির’ ছবির প্রধান একটি চরিত্রে সন্ত্রাস প্রতিরোধের দায়িত্বে নিয়োজিত (অ্যান্টি টেররিস্ট অফিসার) একজন দক্ষ কর্মকর্তা হিসেবে দেখা যাবে ফারহান আখতারকে।

সম্প্রতি টুইটারে পোস্ট করা এক ছবির শিরোনামে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনকে ‘পন্ডিতজি’ বলেই সম্বোধন করেছেন ফারহান। ছবির বাইরে বাস্তব জীবনেও বর্ষীয়ান এই অভিনেতা এখন ফারহানের ‘পণ্ডিতজি’। তা সে ফোনই হোক, কিংবা কোনো মিটিং; যেকোনো কথোপকথনের সময় অমিতাভকে ইদানীং ‘পণ্ডিতজি’ বলেই ডাকছেন ফারহান।

ওয়াজি​র ছবিতে দুই অসমবয়সী মানুষের বন্ধুত্বের গল্প বর্ণিত হয়েছে। এ ছবিতে ফারহান আখতার​কে লড়তে হয় অদৃশ্য নানা চক্রান্তের বিরুদ্ধে। এ ছবির কাহিনিতে ‘পণ্ডিতজি’ অমিতাভ এবং ফারহান দুজন দুজনকে লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করেন। কিন্তু একটি মহল তাঁদের ব্যর্থ করতে নানা চক্রান্ত করে। টান টান উত্তেজনা আর দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য রয়েছে ওয়াজির ছবিটিতে।

‘ওয়াজির’-এর বেশির ভাগ দৃশ্যেরই শুটিং হয়েছে নয়াদিল্লিতে। প্রাথমিকভাবে ‘দো’ নাম নিয়ে শুরু হলেও হুট করেই এ ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়াজির’। ফারহানের বিপরীতে এ ছবিতে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি। ‘ওয়াজির’ ছবিতে প্রথমবারের মতো অভিনেতা ফারহান আখতার দুর্ধর্ষ সব মারপিটের দৃশ্যে অভিনয় করেছেন। এ ছাড়া, এ ছবিতেই প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি।