ফালতু অভিযোগ শোনার সময় তাঁর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্রুণাল ঠাকুর
মনীশ মালহোত্রা কমিউনিকেশন

সফলতার সিঁড়ি বেয়ে তরতর করে এগিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। হৃতিক রোশনের সঙ্গে ‘সুপার থার্টি’ আর জন আব্রাহামের সঙ্গে ‘বাটলা হাউজ’–এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে। এই মুহূর্তে তাঁর হাতে আছে বেশ কয়েকটি বড় ক্যানভাসের ছবি।
ম্রুণাল ঠাকুরকে এবার দেখা যাবে শহীদ কাপুরের সঙ্গে ‘জার্সি’ সিনেমায়। এরই মধ্যে ২০১৯ সালের তেলেগু সিনেমার এই হিন্দি রিমেক ছবির শুটিং শেষ। কার্তিক আরিয়ানের সঙ্গে ম্রুণাল জুটি বেঁধে দেখা দেবেন ‘ধামাকা’ ছবিতে। আর ফারহান আখতারের সঙ্গে পর্দায় থাকবেন ‘তুফান’ সিনেমায়। শুরু থেকে ম্রুণালের সিনেমার নায়কেরা প্রত্যেকেই বলিউডের নামকরা তারকা। তাই এই বেলা ম্রুণালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি বড় তারকাদের ওপর ভর করে বড় তারকা হতে চান। এমন নেতিবাচক মন্তব্যের সমুচিত জবাব দিয়েছেন তিনি।

ম্রুণাল ঠাকুর
ইনস্টাগ্রাম


ফিল্মফেয়ার সাময়িকীকে ম্রুণাল বলেন, ‘আমি যখন মাত্র ইন্ডাস্ট্রিতে পা দিয়েছি, তখন সবাই আমাকে বড় তারকাদের সঙ্গে কাজ করার উপদেশ দিতেন। কিন্তু আমি সেটা কখনোই মাথায় রাখিনি। আর আজ আমার পরিশ্রম, সততা, মেধা সব সহশিল্পীর তারকাখ্যাতির নিচে চাপা পড়ে যাচ্ছে। আমি জানি এবং বিশ্বাস করি, বড় তারকার চেয়েও চিত্রনাট্য বড়। আমি কেবল চিত্রনাট্য পড়ে হ্যাঁ বা না বলি। এসব ফালতু অভিযোগ শোনার মতো সময় নেই। আমি অতটা বোকাও নই। আমার যদি যোগ্যতা না থাকে, তাহলে কেন আমাকে প্রযোজক, পরিচালক এত বড় ছবিতে, সুপারস্টারের বিপরীতে নেবেন? আমি খুশি যে আমি গুণী মানুষদের সঙ্গে কাজ করতে পারছি। তাতে আমার নিজেকে ক্যামেরার সামনে তাঁদের সমান অভিনয় করে প্রমাণ করতে হয়। এতে আমার শেখা আর এগিয়ে যাওয়া সহজ হয়।’
ইশান খাট্টারের সঙ্গে ‘পিপ্পা’ আর অভিমন্যু দাসানির সঙ্গে ‘আঁখ মিরচি’ ছবির জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন ম্রুণাল ঠাকুর।