ফিতুরে অজয়!

অভিষেক কাপুরের ‘ফিতুর’ ছবিতে আছেন ক্যাটরিনা কাইফ, আছেন আদিত্য রায় কাপুর। এমনকি শুরু থেকেই সবাই জানেন যে টাবুও আছেন এ ছবিতে। কিন্তু এত দিন একটা বিষয় সবারই অজানা ছিল। ফিতুর ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা অজয় দেবগনও!
সম্প্রতি ‘ফিতুর’ সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে, এ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে আদিত্য রায় কাপুরের মুখোমুখি হবেন অজয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানিয়েছে, এ ছবিতে অজয় দেবগনের একটি গুরুত্বপুর্ণ ও চমকপ্রদ ভূমিকা রয়েছে।
‘ফিতুর’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ১২ তারিখে। মুক্তির ঠিক আগের দিনটিতে এসে সংবাদমাধ্যমের কাছে অজয়ের বিষয়টি জানানোর কী কারণ? এ সম্পর্কে সূত্রটি কোনো কিছু স্পষ্ট করে না জানালেও অনেকেই বলছেন, অজয় দেবগন কী তাহলে ফিতুরের ‘তুরুপের তাস’!
অভিষেক কাপুর পরিচালিত বলিউডের ‘ফিতুর’ ছবির কাহিনি বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘দ্য গ্রেট এক্সপেক্টেশনস’ অবলম্বনে। এ ছবিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। ছবিটি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি। ইন্দো-এশিয়ান নিউজ।