ফুচকাপ্রেমী নবাব সাইফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান
সাইফ আলী খান

নিজেকে নাকি আধা-বাঙালি বলতে বেশ ভালো লাগে তাঁর। কারণ মা শর্মিলা ঠাকুরের কাছ থেকে তিনি বাঙালিয়ানার পাঠ ভালোই পেয়েছেন। খাবার-দাবারের বেলায় সাইফ আলী খান তো পুরোই বাঙালি। সম্প্রতি সাইফ জানালেন তাঁর পছন্দের বাঙালি খাবারের নাম। তা হলো ফুচকা। বললেন, ‘যখনই ডায়েট ভেঙে বেরিয়ে আসার সুযোগ মেলে তখনই ফুচকা খাই।’ আর মাছ? সে যেই মাছই হোক না কেন, ভাজা হলে খেতে কোনো দ্বিধা নেই তাঁর।
৪৫-এর কোটা পেরোনো পাতৌদির নবাব সাইফ এখনো তরুণীদের স্বপ্ন পুরুষ হয়ে আছেন। বয়স বেড়েছে কিন্তু বার্ধক্য এখনো এক রহস্য সাইফের কাছে। সাইফ বলেন, ‘এর কারণ হলো, আমি মনের ওপর জোর খাটাই না। যখন ইচ্ছে হয় দারুণ ব্যায়াম করি, নিজেকে ফিট রাখার জন্য জিমে যাই, ডায়েট করি। আবার যখন মন চায় তখন পেট পুরো খাই। বাঙালি যেকোনো খাবারই আমার পছন্দের তালিকার শীর্ষে থাকে।’
তাহলে কি নবাব বধূ কারিনা কাপুর খানও আধা-বাঙালি বউয়ের মতো রাঁধতে পারে শাক-মাছ-সুক্ত? এক গাল হেসে সাইফ জানালেন, কারিনার চেয়ে ভালো রাঁধুনি সাইফ! কারিনা নাকি কোনো দিন ডিমের স্ক্র্যাম্বল ছাড়া আর কিছুই রাঁধেননি। বলিউড লাইফ।