ফুরিয়ে যাচ্ছেন কঙ্গনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

বছরটা কঙ্গনার ভালো যায়নি। পরপর দুটি ছবি ফ্লপ। জড়িয়েছেন ঝগড়া-বিবাদ আর বিতর্কে। এতে কঙ্গনা রনৌত খবরের শিরোনামে থাকলেও বছর শেষে হিসাব মেলাতে গিয়ে দেখেন, নিজের অভিনয়জীবনের যে ক্ষতি হয়েছে, তা তাঁকে প্রায় বেকার করে দিয়েছে।

কঙ্গনার ভাষায়, বাণিজ্যিক দিক থেকে এ বছর তাঁর খারাপ কেটেছে। একটি সামায়িকীকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা তিনি বলেন। এ বছর কঙ্গনাকে দেখা যায় হানসাল মেহতার সিমরান ছবিতে। বক্স অফিসে ছবিটি খুব বেশি ভালো করেনি। এমনকি ছবিটি নিয়ে গণমাধ্যমে বেশ নেতিবাচক লেখালেখিও হয়। তাঁর আগের ছবি রেঙ্গুনও তেমন সাড়া ফেলতে পারেনি। যদিও কঙ্গনার অভিনয় ছিল প্রশংসনীয়, কিন্তু ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এ ছাড়া বছরের শুরুর দিকেই স্বজনপ্রীতি ও যৌন হয়রানি নিয়ে কথা বলে বিতর্কের মধ্যে পড়েন এই অভিনেত্রী। হৃতিক রোশন ও করণ জোহরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এই সবকিছু মিলে কঙ্গনা ছিলেন বেশ ঝামেলার মধ্যে। এসবই নাকি তাঁর অভিনয়জীবনে বাজে প্রভাব ফেলেছে। কঙ্গনা বলেন, ‘আমার কাজের প্রস্তাব পাওয়ার গতি কমছে না। কিন্তু আমার ক্যারিয়ারের বাণিজ্যিক ব্যাপারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পণ্যের প্রচারণা বাবদ আয় কমেছে, আমার অভিনয়ের দিক থেকেও আয় নেমে গেছে।’

এত সব সত্ত্বেও কঙ্গনা কাজ করে যাচ্ছেন। তিনি একেবারে ফুরিয়ে যাননি। বলেন, ‘আম তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। মানালিতে আমার একটি সুন্দর বাড়ি আছে। অফিস আছে পালি হিলে এবং আমি হার্ভার্ডে যাচ্ছি বক্তৃতা দিতে। সুতরাং এটা লিখবেন না যে আমি একেবারে হারিয়ে গেছি।’

এই মুহূর্তে তিনি প্রস্তুতি নিচ্ছেন হার্ভার্ড বিজনেস স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে তিনি বক্তৃতা দিতে যাচ্ছেন সেখানে। বর্তমানে ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের জীবনীভিত্তিক সিনেমা মনিকর্ণিকা নিয়ে কাজ করছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস