ফের বিমানবন্দরে হেনস্তা হলেন শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খানকে গত বৃহস্পতিবার রাতে আবারও যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে হেনস্তা হতে হলো। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে শাহরুখকে ঘণ্টা খানেক আটকে জিজ্ঞাসাবাদ করে মার্কিন অভিবাসন বিভাগ। তল্লাশি করা হয় তাঁর ব্যাগও।
গতকাল শুক্রবার সকালে শাহরুখ টুইট করে বলেন, ‘সারা বিশ্বের নিরাপত্তাব্যবস্থার ওপর আমি শ্রদ্ধাশীল। কিন্তু এভাবে প্রতিবার ইউএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে আটকে দিলে বিরক্ত লাগে।’
অবশ্য এই অভিজ্ঞতা টুইট করে সবাইকে জানানোর পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল টুইট করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বিমানবন্দরে দুর্ভোগের জন্য দুঃখিত, শাহরুখ খান। শাহরুখের কাছে দুঃখ প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মাও।
২০১২ সালে নিউইয়র্ক বিমানবন্দরেও শাহরুখ খানকে দুই ঘণ্টা আটকে রাখা হয়েছিল। সে সময় শাহরুখ ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দিতে যাচ্ছিলেন। এর আগে ২০০৯ সালে মাই নেম ইজ খান ছবির প্রচারে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি একই ধরনের হেনস্তার শিকার হয়েছিলেন। হিন্দুস্তান টাইমস।