ফের হাঁটুতে চোট পেলেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান।
শাহরুখ খান।

নব্বইয়ের দশকে কয়লা ছবির শুটিং করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন শাহরুখ খান। পরবর্তী সময়ে আরও বেশ কয়েকবার তিনি হাঁটুসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে আহত হয়েছেন। হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিং করতে গিয়ে গত জানুয়ারি মাসে হাঁটু ও কাঁধে গুরুতর আঘাত পান শাহরুখ। সম্প্রতি আবারও হাঁটুতে চোট পেয়েছেন তিনি। অবশ্য এবারের চোট গুরুতর না হওয়ায় একটু দেরিতে হলেও হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারণায় অংশ নিতে পেরেছেন তিনি।

সম্প্রতি ফারাহ খান পরিচালিত হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারণা চালাতে দিল্লি যান ছবির দলের সদস্যরা। পরিচালক ফারাহসহ ছবির প্রধান কয়েকজন অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সনু সুদ, বোমান ইরানি ও ভিভান শাহ ঠিক সময়ে সংবাদ সম্মেলনে হাজির হলেও তাঁদের সঙ্গে ছিলেন না শাহরুখ। 

শাহরুখের অনুপস্থিতির কারণ সম্পর্কে সংবাদ সম্মেলন শুরুর আগে সেখানে উপস্থিত সবার উদ্দেশে অভিষেক বলেন, ‘গতকাল রাতে শাহরুখ তাঁর হাঁটুতে আঘাত পেয়েছেন। এই মুহূর্তে তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন। এ জন্য এখানে আসতে তাঁর একটু দেরি হবে। তিনি না আসা পর্যন্ত আমরা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
একটু দেরিতে হলেও ঠিকই সংবাদ সম্মেলনে হাজির হন শাহরুখ। তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শাহরুখ বলেন, ‘গতকাল রাতে আমার হাঁটুতে চোট লেগেছে। এটা সামান্য আঘাত এবং আমি খুব তাড়াতাড়ি সেরে উঠব।’
হ্যাপি নিউ ইয়ার ছবি মুক্তি পাচ্ছে ২৪ অক্টোবর শুক্রবার। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের ইন্দোর, আহমেদাবাদ ও চেন্নাইয়ে ছবিটির প্রচারণা চালানো হয়েছে।