ফেসবুকে গিয়ে অ্যাকাউন্ট খুললেন কাজল

‘শিবায়’ ছবির প্রচারে কাজল ও অজয় দেবগন এখন যুক্তরাষ্ট্র ভ্রমণ করছেন। ইতিমধ্যে তাঁরা যুক্তরাষ্ট্রের তিনটি শহর ঘুরে ফেলেছেন। তাঁরা গিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয়েও। আর সেখান থেকে ফিরেই ফেসবুকে নিজের একটি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছেন কাজল। এর আগে তাঁর ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট ছিল না। আর ফেসবুকে প্রথম পোস্টটি তিনি করেছেন মা তনুজাকে উদ্দেশ করে।
২৩ সেপ্টেম্বর ছিল অভিনেত্রী তনুজার জন্মদিন। মায়ের জন্মদিন উপলক্ষে কাজল একটি ভিডিও বার্তার মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ইনস্টাগ্রামেও কাজল তাঁর মায়ের সঙ্গে তোলা ছোটবেলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এখনো শৈশব অনুভব করি। জানি তুমিও তা-ই করো। ভালোবাসি সব সময়। শুভ জন্মদিন, মা।’
এদিকে ফেসবুকের কার্যালয়ে ঘুরে অভিভূত কাজল। ছবির প্রচারে আমেরিকার নিউইয়র্ক, ডালাস, শিকাগো ঘুরে কাজল-অজয় দম্পতি সানফ্রান্সিসকো হয়ে ভারতে ফিরবেন।
‘শিবায়’ ছবির মাধ্যমে ৮ বছর পর পরিচালনায় ফিরছেন অজয়। এর আগে ২০০৮ সালে ‘ইউ মি অউর হাম’ পরিচালনা করেছিলেন তিনি। ‘শিবায়’ মুক্তি পাবে অক্টোবরের ২৮ তারিখে। এনডিটিভি