ফেসবুকে নবাগত বিদ্যা

মানুষের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। হোক সেটা শুটিং সেট কিংবা কোনো সামাজিক অনুষ্ঠান। ভক্তদের সঙ্গে ভাববিনিময় করতেও ভালো লাগে তাঁর। কিন্তু বিদ্যার ভক্তসংখ্যাও তো নেহাত কম নয়। প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা এককথায় অসম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো সাইট অবশ্য এই মুশকিল আসান করে দিতে পারে। এ জন্যই বিদ্যা এবার ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেছেন। এখানে মন খুলে নিজের মতামত প্রকাশ করাও তাঁর একটি উদ্দেশ্য।
গত মঙ্গলবার ফেসবুকে অভিষেক হলো এই অভিনেত্রীর। এর আগে অবশ্য টুইটার ও ইনস্টাগ্রামেও খুব সক্রিয় ছিলেন তিনি। বিদ্যা বলেন, ‘আমি ছবি তুলতে ভালোবাসি। আর ছবি তুলেই সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু আর ভক্তদের সঙ্গে তা ভাগাভাগি করি। এবার ফেসবুকে অ্যাকাউন্ট খুললাম। কারণ, এখানে আমি আমার মনমতো যত খুশি তত কথা বলতে পারব। জায়গার কোনো সীমাবদ্ধতা এখানে নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বটে, তবে এর মধ্যেই সারা দিন বুঁদ হয়ে থাকার পক্ষে নন বিদ্যা। এই প্রসঙ্গে এই কাহানি তারকা বলেন, ‘পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় আমি মোবাইলে আসা খুদে বার্তার জবাবও দিই না। কোনো মিটিং চলাকালেও ফোন বন্ধ রাখি। না হলে সারাক্ষণ চোখজোড়া ওই মোবাইলের পর্দাতেই আটকে থাকবে। আজকাল মানুষ ইন্টারনেটের প্রতি খুব বেশি আসক্ত হয়ে উঠছে।’ বিদ্যা মনে করেন, সবকিছুই একটি সীমার মধ্যে থেকে করা ভালো।
সম্প্রতি বিদ্যা অভিনীত কাহানি টু ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি পাবে ২ ডিসেম্বর। টাইমস অব ইন্ডিয়া।