ফেসবুকে 'জ্ঞান' দিচ্ছেন শাহরুখ

ভার্চুয়াল বাস্তবতা বলে এখন একটা ব্যাপার আছে। ফেসবুকে যাঁদের ভক্ত-অনুসারী বেশি, তাঁরা চান বিশাল সংখ্যক ভক্তকে একটু ভালো পরামর্শ দিতে, একটু সুপথে পরিচালিত করতে।
ফেসবুকে ভক্ত-অনুসারীর সংখ্যা দেড় কোটি হওয়ার পর-মানে দেড় কোটি লাইক-কিং খানেরও অমন এক বোধের উদয় হয়েছে। ভক্ত-অনুসারীদের তিনি ‘ফেসবুক ও জীবনের আদব কায়দা’ শেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ফেসবুকের ব্যবহৃত ভাষায় ‘ফেসবুক-জ্ঞান ট্রিলজি’ নামে নিজের ফ্যান পেজে তিন কিস্তিতে তিনটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। নিজের প্রযোজনা সংস্থার ছাদে একজন ক্যামেরাম্যান ও সহকারীদের নিয়ে ভিডিওগুলো তৈরি করেছেন তিনি।
এসব ভিডিওতে ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘যেসব তুমি লাইক করো, সেই কাজগুলোই করো। আর যেসব কাজ করো সেগুলোকেই লাইক করো।’ এক জায়গায় তিনি বলেন, ‘এমন মানুষ হয়ে ওঠো, যে কি না সবার বন্ধু। যদি তা হতে না পারো তাহলে আনফ্রেন্ড হওয়ার জন্য প্রস্তুত হও।’
ফেসবুকের নিয়ম-কানুন মেনে চলার ব্যাপারে শাহরুখ বলেন, ‘যখন তুমি কোনও কিছু পুরোটা জানবে তখনই মন্তব্য করবে।’ ছেলে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘ছেলেরা দয়া করে মেয়েদের স্টক করো না।’ আর মেয়েদের উদ্দেশে বলেন, ‘মেয়েরা, কথায় কথায় ছেলেদের আইডিতে রিপোর্ট করো না।’
ফেসবুকে শাহরুখ খান জানিয়েছেন, এখানেই শেষ নয়। শিগগির আরও ভিডিও আপলোড করবেন তিনি। এবং এই ধরণের ভিডিও শেয়ারিং চলতে থাকবে। ফেসবুক জ্ঞান ট্রিলজির শেষ ভিডিওটি তিনি আপলোড করেছেন গত ২৭ সেপ্টেম্বর দুপুর ১টার পর।
বর্তমানে শাহরুখ খানের ফেসবুক ফ্যান পেজে লাইকের সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ৩শ ৬২ জন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘ফেসবুক জ্ঞান’ ট্রিলজির শেষ ভিডিওটি দেখেছেন ৭ লাখেরও বেশি ভক্ত।