বই লিখবেন সোহা

খুব বেশি ছবিতে কাজ করা হয়নি সোহার। যে কয়টি করেছেন তার মধ্যে ‘রং দে বাসান্তি’ ছাড়া আর কোনো ছবি বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি। তাই বুঝি অভিনয় থেকে এবার অন্যদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। তিনি এবার লেখালেখি শুরু করতে যাচ্ছেন। নিজের জীবনের অভিজ্ঞতা থাকবে তাঁর এই বইয়ে।
সোহা আলি খান আগেই জানিয়েছিলেন, সময়টা তিনি সৃজনশীল কিছু করে কাজে লাগাতে চান। লেখালেখির চেয়ে আপাতত আর কোনো বিষয়কে সৃজনশীল মনে হচ্ছে না তাঁর। এখন তাই বই লেখার প্রস্তুতি নিচ্ছেন। বইয়ের নাম ‘দ্য পেরিলস অব বিং মডারেটলি ফেমাস’। সোহা তো শুধু অভিনেত্রী নন, পতৌদির নবাব পরিবারের একজন সদস্যও তিনি। এই তারকার অফিশিয়াল নাম পতৌদি ও ভোপালের নবাবজাদি সোহা আলি খান। তাঁর বাবা ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি ও মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আর বড় ভাই বলিউড তারকা সাইফ আলি খান। নিজে ‘হিট তারকা’র খ্যাতি না পেলেও নবাব ও তারকা পরিবারের সদস্য হওয়ার কারণে জনপ্রিয়তা ভালোই পেয়েছেন। বইয়ে হয়তো সেসব কথাও থাকবে।
সোহাকে শেষবার বড় পর্দায় দেখা গেছে গত বছর, ‘৩১ অক্টোবর’ ছবিতে। একই বছর তিনি সানি দেওলের বিপরীতে ‘ঘায়েল ওয়ানস অ্যাগেইন’-এ অভিনয় করেছেন। বলিউড হাঙ্গামা।