বইপ্রেমী সোনালির কাণ্ড

অনেক দিন পর্দায় নেই অভিনেত্রী সোনালি বেন্দ্রে। তবে বই পড়েছেন, লিখেছেন। এরই মধ্যে পুরোদস্তুর লেখিকা হয়ে উঠেছেন এ অভিনেত্রী। প্রকাশিত হয়েছে তাঁর লেখা একটি বই। নিজের বইপ্রীতিকে আরও খানিকটা এগিয়ে নিতে সম্প্রতি ফেসবুকে একটি বুক-ক্লাব চালু করেছেন তিনি। সেখানে নতুন নতুন সব বই নিয়ে কথা বলবেন তিনি। শুনবেন অন্য বইপ্রেমীদের কথাও।
ফেসবুকে সোনালি বেন্দ্রের ক্লাবের নাম ‘সোনালিস বুক ক্লাব’। এটি নিয়ে সোনালি বলেন, ‘আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। তাঁর চাকরির সুবাদে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন স্থানে থাকতে হয়েছে আমাদের। সেই সময়গুলোতে আমার সঙ্গী ছিল বই। বন্ধুদের সঙ্গে রাখতে পারতাম না, তাই বই-ই ছিল আমার একমাত্র বন্ধু। ফেসবুকে বুক ক্লাবটি চালু করে মনে হচ্ছে, আমি যেন পুরোনো বন্ধুটিকে নতুন করে আবিষ্কার করতে যাচ্ছি।’
সোনালির বুক ক্লাবের কাজ কী হবে? সোনালি জানালেন বিস্তারিত। বললেন, ‘এখানে আমরা শুধু বইপ্রেমীরাই থাকব। বই নিয়ে আলোচনা করব, পাঠকের ভালো লাগা-মন্দ লাগার কথা জানব, সময়ে-সময়ে বইপ্রেমীদের সঙ্গে দেখা করে আড্ডাও দেব।’
প্রতি ১০ দিনে সোনালি একটি করে বই নিয়ে আলোচনা করবেন। সেই বই পড়ে সবাইকে নিজের মতামত জানাবেন। বাকিদেরও বইটি পড়ার পরামর্শ দেবেন। ক্লাবের পাঠকেরা সেই বই পড়ে ১০ দিনের মধ্যে সোনালিকে তাঁদের মতামত জানাতে পারবেন। সোনালি জানান, বই যদি বড় হয়, তাহলে সময় বাড়তেও পারে। বলিউড বাবল।