বইয়ের নাম জানালেন লেখক ইমরান হাশমি

ক্যানসার-আক্রান্ত পুত্র আরিয়ানকে সারিয়ে তুলতে এই রোগের বিরুদ্ধে তাঁদের দুজনের যুদ্ধের যে অভিজ্ঞতা; সে বিষয়টি নিয়ে বই লিখেছেন বলিউডের অভিনেতা ইমরান হাশমি। বই লেখা শেষ হলেও শিরোনাম দেওয়া বাকি ছিল। সম্প্রতি বইটির নাম চূড়ান্ত করেছেন লেখক হাশমি। নাম রেখেছেন ‘দ্য কিস অব লাইফ: হাউ আ সুপার হিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’।
টুইটারে এক বার্তায় সম্প্রতি ইমরান তাঁর এ বইটির নাম চূড়ান্ত করার বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি এ বইয়ের প্রকাশককেও ধন্যবাদ জানিয়েছেন বলিউডের এ অভিনেতা।
টুইটারে ইমরান লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমার বইটির নাম প্রকাশ করছি...‘দ্য কিস অব লাইফ: হাউ আ সুপার হিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার।’
হাশমি তাঁর বই প্রকাশের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এই দীর্ঘ যাত্রায় যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন, পাশে ছিলেন; তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
টুইট বার্তায় হাশমি এ-ও জানিয়েছেন, ইংরেজি, হিন্দি ও মারাঠি—এ তিনটি ভাষায় তাঁর বইটি প্রকাশিত হবে। আর বইটি কবে প্রকাশিত হবে সে সম্পর্কে এই অভিনেতা ও লেখক জানিয়েছেন, শিগগিরই বইটি প্রকাশের দিনক্ষণ তিনি জানিয়ে দেবেন।
বলিউডে ‘মার্ডার’, ‘ডার্টি পিকচার’ ছবিতে অভিনয়ের সুবাদে তারকা খ্যাতি পেয়েছেন ইমরান হাশমি। এই অভিনেতা গত বছর জানিয়েছিলেন যে তাঁর ছেলে আরিয়ান ক্যানসার-আক্রান্ত।
ইমরান জানিয়েছিলেন, গত দুবছর তিনি তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন। আর এ সময়েই তিনি তাঁর জীবনের দুজন শিক্ষকের দেখা পেয়েছেন। এর একজন ক্যানসার অন্যজন তাঁর ছেলে আরিয়ান। ইন্দো-এশিয়ান নিউজ।