
শচীন: আ বিলিয়ন ড্রিমস সিনেমাটি মুক্তির আগেই রিভিউ করে ফেলেছিলেন অমিতাভ বচ্চন। বলেছিলেন, ছবিটি প্রত্যেক মানুষের দেখা উচিত। শেষ পর্যন্ত বিগ-বি বচ্চনের কথাই সত্য হলো। মাঠের মতো বক্স অফিসেও সমানে চার-ছয় মেরে চলেছেন শচীন।
২৬ মে শচীন: আ বিলিয়ন ড্রিমস সিনেমাটি মুক্তি পেয়েছে। তার আগে প্রিমিয়ার শো হয়েছিল ২৪ মে। প্রিমিয়ারে একাকার হয়ে যায় বলিউড ও ক্রিকেট। অভিষেক ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে সেখানে উপস্থিত হন অমিতাভ বচ্চন। সাংবাদিকদের তিনি বলেন, যে দেশে শচীনের মতো ক্রিকেটার রয়েছেন, সে দেশে জন্ম নিতে পেরে তিনি গর্বিত। ছবিটির জন্য তিনি অপেক্ষা করছিলেন।
ছবি দেখার পর বচ্চন বলেন, ‘খুব ইমোশনাল লাগছে। ছবি হিসেবে এটি খুব উন্নতমানের। আমার মতে, ছবিটা দেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। প্রতিটি স্কুলে দেখানো উচিত।’
মুক্তির পর দেখা গেল, মাঠের মতো বক্স অফিসেও শচীন মারকুটে মেজাজে। প্রথম দিনেই শচীন: আ বিলিয়ন ড্রিমস ঘরে তুলেছে আট কোটি টাকার বেশি। হিন্দি, মরাঠি, তামিল, তেলেগু ও ইংরেজিতে মুক্তি পাওয়া ছবিটি বর্তমানে ভারতের ২ হাজার ৪৫০টি সিনেমা হলে চলছে।
জেমস এর্সকাইন পরিচালিত শচীন: আ বিলিয়ন ড্রিমস প্রযোজনা করেছেন রবি ভাগচন্দানি। ক্রিকেটার শচীনের অসামান্য সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ছবিটি করা হয়েছে। টুইটারে শচীন বলেছেন, ‘আমরা আমাদের ১০০ শতাংশ দিয়ে ছবিটি করেছি। আপনাদের পছন্দ হচ্ছে জেনে ভালো লাগছে।’
আর ছবিটি দেখার পর শচীনকন্যা সারা টেন্ডুলকার কী বললেন? তাঁর কথা, ‘বড়পর্দায় বাবা-মায়ের রোমান্স দেখতেই তাঁর সবচেয়ে ভালো লেগেছে। বিয়ের দৃশ্যগুলোও খুব সুন্দর। আমার বাবা বাড়িতে খুব সাধারণ একজন মানুষ। ছবিটা দেখার পর বুঝতে পারছি, আসলে আমার বাবা সম্বন্ধে সবাই কী ভাবেন। সাধারণ মানুষের কাছে বাবার যে ব্যক্তিত্ব, সেটা আমার আগে জানা ছিল না।’