বক্স অফিসের নয়, কিরণের রাজা আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘দঙ্গল’—একের পর এক ছবি দিয়ে বছরখানেক ধরে বক্স অফিস মাতিয়ে রেখেছেন আমির খান। আমিরকে তাই বক্স অফিসের রাজা বললে নিশ্চয়ই অত্যুক্তি হবে না। কিন্তু আমির এই উপাধি গ্রহণ করতে নারাজ। তিনি বলেন, ‘আমি বক্স অফিসের রাজা নই, আমি আমার স্ত্রী কিরণের রাজা।’ 

‘দঙ্গল’ ছবির অসাধারণ সাফল্যের পর শনিবার একটি পার্টির আয়োজন করেছিলেন আমির। সেখানেই তিনি এ কথা বলেন। এই অভিনেতা আরও জানান, ‘আমি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে কখনোই চিন্তা করি না এটা বক্স অফিসে কেমন ব্যবসা করবে। যেই ছবির চিত্রনাট্য পড়ে আমার ভালো লাগে সেটিতেই কাজ করি।’
এই প্রসঙ্গে তিনি যোগ করেন আরও কিছু কথা। আমির মনে করেন, ‘দঙ্গল’ ছবির কোন রোমান্টিক গান নেই, এতে নাচ নেই। একটি ছবি ব্লকবাস্টার হতে যে যে উপাদান থাকা দরকার তার কিছুই আসলে এই ছবিতে পাওয়া যাবে না। কিন্তু এই ছবিটিই যে বক্স অফিস এভাবে মাতাবে সে বিষয়ে নাকি কোন ধারণাই ছিল না আমিরের।
‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, ‘বাজেট দেখে ছবি সাইন করলে ‘‘ধোবি ঘাট’’ ছবিতে কখনোই অভিনয় করতাম না। কোনো ছবির চিত্রনাট্য আমার হৃদয় ছুঁয়ে গেলে আমি আর অন্য কোনো বিষয়ে ভাবি না।’
সেরা অভিনয় করে এত প্রশংসা পান কিন্তু কখনোই কোন পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেখা মেলে না তাঁর। আমিরের ভাষায়, ‘দর্শকদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। তাই অন্য কোন পুরস্কারের ব্যাপারে আমি মাথা ঘামাই না।’ হিন্দুস্থান টাইমস।