বছরে একটির বেশি ছবি নয়

বলিউডে একটি কুসংস্কার প্রচলিত আছে, সেখানে মনে করা হয়, বিয়ে হওয়া মানেই নায়িকার বাজার শেষ। আর মা হলে তো কথাই নেই। ক্যারিয়ারকে বিদায় জানানোর সময় বুঝি তাঁর চলেই এল। কয়েকজন অভিনেত্রীর বেলায় এটি সত্য হলেও সবার মধ্যে ব্যতিক্রম দৃষ্টান্ত রেখেছেন কারিনা কাপুর খান। ২০১২ সালে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন তিনি। নবাববাড়ির বধূ তকমা গায়ে লাগার পরেও বেশ কয়েকটি হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই তারকা।
গত বছর শেষের দিকে প্রথম সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর খান। তবুও থেমে নেই। আগস্টে শুরু করবেন নতুন ছবির কাজ। তবে, আগের মতো বছরজুড়ে কাজ করার ইচ্ছা নেই কারিনার। এ অভিনেত্রীর কাছের একটি সূত্র জানায়, ছেলে তৈমুরকে সময় দেবেন বলে বছরে একটির বেশি কাজ হাতে নেবেন না কারিনা।
গত বছর অক্টোবরেই ‘ভিরে দি ওয়েডিং’ ছবির শুটিং শুরুর কথা ছিল কারিনার। ছবির পরিচালকও কারিনা মা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন। দুই মাস পরই পূর্ণ উদ্যমে কাজে লেগে পড়বেন কারিনা কাপুর খান। এর মধ্যে অনেক ছবির প্রস্তাবই তাঁর কাছে আসছে। কিন্তু এখন থেকে তিনি কাজ করবেন খুব বেছে বেছে। কারণ, তাঁর কাছে সবার আগে ছেলে তৈমুর, এরপর সবকিছু। তবে, মা হয়েছেন বলে বেকার বসে থাকার মানুষও তিনি নন। এমনকি সন্তান গর্ভে আসার পর তার জন্মের আগ পর্যন্ত নানা ফটোশুট ও ফ্যাশন শোতে অংশ নিয়েছেন কারিনা। তখন তাঁর স্বামী সাইফ একবার ঠাট্টা করে বলেছিলেন, ‘আমার তো মনে হয় শুটিং স্টুডিওতেই কারিনা তাঁর সন্তানের জন্ম দেবে।’
এদিকে, কারিনার ননদ অভিনেত্রী সোহা আলী খানও মা হতে চলেছেন। তাঁকে এখন ফিগারের দিকে খেয়াল না করে ইচ্ছামতো পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন ভাইয়ের বউ কারিনা। কারণ, তিনি নিজেও তৈমুর গর্ভে থাকতে জিরো ফিগারের তোয়াক্কা না করে শিশুর জন্য যা যা উপকারী, সব খেয়েছেন। আর সন্তান জন্মের পরপর শরীরচর্চা করে নিজেকে আবার ধীরে ধীরে আগের অবস্থানে নিয়ে আসছেন। পিঙ্ক ভিলা।