বছরের শেষভাগে ঝড় তুলবেন এই অভিনেত্রী
দক্ষিণ ভারতের সিনেমায় সাফল্যের পর বলিউডে শুরুটা তত ভালো হয়নি। তবে ‘দে দে পেয়ার দে’ হিট হওয়ার পর অনেক প্রযোজকই রাকুলপ্রীত সিংকে নিয়ে সিনেমা করার কথা ভাবেন। তবে তাঁদের ভাবনায় বাধা হয়ে হাজির হয় কোভিড। রাকুল তখন চার থেকে পাঁচটি সিনেমায় চূড়ান্ত হওয়ার পথে। কিন্তু মহামারি পরিস্থিতিতে সব বদলে যায়। কোভিড পরিস্থিতি একটু ভালো হতেই ফের কাজে ঝঁপিয়ে পড়েন অভিনেত্রী। ফল, চলতি বছর রাকুলের সাত সাতটি সিনেমা আসছে। যার প্রথম দুটি ‘অ্যাটাক’ ও ‘রানওয়ে থার্টিফোর’ মুক্তি পেয়েছে। বাকি পাঁচটি পাবে বছরের শেষভাগে। সব মিলিয়ে বলা যায়, চলতি বছরের শেষভাগে বলিউডে ঝড় তুলতে চলেছেন রাকুল।
বছরের প্রথমভাগে মুক্তি পাওয়া তাঁর দুই সিনেমা ভালো ব্যবসা করেনি। তবে রাকুল তা নিয়ে ততটা চিন্তিত নয়। জানেন ঠিকই ঘুরে দাঁড়াবেন। রাকুল বলেন, ‘এই পেশায় ওাঠানামা থাকবেই। তা ছাড়া আমার দুই ছবি যখন মুক্তি পায়, তখন কোভিডের ধকল কাটিয়ে দর্শক পুরোপুরি প্রেক্ষাগৃহমুখী হয়নি,’ বলেন রাকুল।
বছরের শেষভাগে মুক্তির অপেক্ষায় থাকা রাকুলের সিনেমাগুলো হলো ‘মিশন সিনডেরেলা’, ‘ডক্টর জি’, ‘থ্যাংক গড’, ‘আায়ালান’ ও ‘ছত্রিওয়ালি’। এই পাঁচ ছবিতে নানা ধরনের কিকিৎসক। কোন ছবিতে তিনি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর পরীক্ষক, কোন ছবিতে গাইনোকলজিস্ট। রাকুল বলেন, ‘সিনেমাগুলোর জন্য কঠোর পরিশ্রম করেছি। যতটা সম্ভব চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছি। অভিনেত্রী হিসেবে আমি খুব লোভি। সব সময় ভালো ভালো চরিত্রের খোঁজ করতে থাকি।’
এ বছরে নানা ধরনের বৈচিত্রময় সাত ছবি মুক্তি পেলেও ক্যারিয়ার নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অভিনেত্রী, ‘আপনার ভেতরের যে আগুন, ক্ষুধা, এটা সব সময় থাকা উচিত। যেটুকু কাজের সুযোগ পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আরও ভালো কিছু করতে চাই।’
দিল্লির মেয়ে রাকুল ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে, কন্নড় ছবি ‘গিল্লি’ দিয়ে। এরপর তাঁকে দেখা যায় তেলেগু ছবি ‘কেরাতাম’-এ। পরে করেন কয়েকটি তামিল ছবিও। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ দিয়ে হিন্দিতে অভিষেক। তবে নজড় কাড়েন অজয় দেবগন ও টাবুর সঙ্গে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দে দে পেয়ার দে’ সিনেমা দিয়ে।