বজরঙ্গির বিরুদ্ধে চিত্রনাট্য চুরির মামলা!

সালমান খান অভিনীত বজরঙ্গি ভাইজান ছবিটি মুক্তি পেয়েছিল এ বছরের ঈদ উল ফিতর উপলক্ষে। মুক্তি পাওয়ার পর প্রথম সাত দিনেই এ ছবি আয় করেছিল ১৮৪ কোটি ৬২ লাখ রুপি। এ আয়ের কারণেই আমির খানের ‘পিকে’ এবং শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিকে পেছনে ফেলেছিল ‘বজরঙ্গি ভাইজান’। ব্যাপক সাফল্য, তুমুল জনপ্রিয়তা পাওয়া এ ছবির বিরুদ্ধেই কিনা সম্প্রতি চিত্রনাট্য চুরির অভিযোগ উঠেছে।
সালমান-কারিনা অভিনীত চলতি বছরের সবচেয়ে আলোচিত এ ছবির নির্মাতাদের বিরুদ্ধে ৫০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা হয়েছে। মুম্বাইয়ের হাইকোর্টে মামলাটি ঠুকেছেন নির্মাতা মহিম যোশি।
মহিমের অভিযোগ, তাঁর গল্প চুরি করেই বানানো হয়েছে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি। এমনকি ছবিতে দেখানো বেশ কিছু লোকেশনেরও মিল রয়েছে তাঁর চিত্রনাট্যের সঙ্গে। মুম্বাইয়ের হাইকোর্টে সেসবের প্রমাণ পেশ করেছেন তিনি।
যোশির দাবি, ২০০৭ সালের জুন মাসে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস কাউন্সিল এবং অ্যাসোসিয়েশন অব মোশন পিকচার অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রডিউসারস-এর অধীনে চিত্রনাট্যটি নিবন্ধন করেছিলেন তিনি। আর এ ছবিটি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বিবেক ওবেরয় ও সুরেশের প্রডাকশন হাউস ইয়াসি মাল্টিমিডিয়ার সঙ্গে। কিন্তু পাঁচ বছর হয়ে গেলেও ছবি বানাতে পারেনি তারা। পরে সেটি নিয়ে যান প্রোডাকশন হাউস ‘ভায়াকম ১৮’-এর কাছে। যোশির অভিযোগ ‘ভায়াকম ১৮’ থেকেই ফাঁস হয়েছে তাঁর গল্প।
এদিকে, পাকিস্তানের অনলাইন সংবাদমাধ্যম ট্রিবিউন জানিয়েছে, গত বৃহস্পতিবার বিচারপতি গৌতম প্যাটেল ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রযোজক রকলিন ভেঙ্কটেশ, রাজেশ ভাট, সালমান খান, ছবির সহ-প্রযোজক, লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ এবং পরিচালক কবির খানকে আদালতে ডেকে পাঠান। ২১ অক্টোবর আদালতে হাজিরা দেবেন তাঁরা। এ প্রসঙ্গে হাইকোর্ট মন্তব্য করেছেন, দুটি পাণ্ডুলিপির ভেতর বেশ কিছু মিল পাওয়া গেছে বিধায় অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।
এর আগে, বজরঙ্গি ভাইজান ছবির ‘ভর দো ঝোলি মেরি’ গানটির বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছিল। পাকিস্তানি একটি কাওয়ালি গানের সুর নকলের অভিযোগ উঠেছিল সুরকার প্রীতমের বিরুদ্ধে। বলিউড হাঙ্গামা ও ট্রিবিউন।