বদলে গেছেন রণবীর সিং!

বলিউডের তারকা রণবীর সিংকে সবাই চেনেন ছটফটে, কৌতুকপ্রিয়, বুদ্ধিমান এক তরুণ হিসেবেই। কিন্তু সেই রণবীর সিং নাকি ‘বাজিরাও মাস্তানি’র কল্যাণে এখন আমূল বদলে গেছেন! সম্প্রতি নিজের সম্পর্কে এ তথ্য জানিয়েছেন রণবীর সিং। মুম্বাইতে ৪ নভেম্বর সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রথম পোস্টার উন্মোচনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নিজের প্রসঙ্গে রণবীর সিং বলেন, ‘বাজিরাও মাস্তানি’ ছবির জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আঠারো শতকের মারাঠা যোদ্ধা পেশওয়া বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করার বিষয়টাও খুব মুশকিল ছিল। তবে আমি খুবই আনন্দিত এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে। তিনি বলেন, এ ছবিটি ব্যক্তিগত এবং পেশাগতভাবে আমার মধ্যে অনেক পরিবর্তন এনেছে।
‘বাজিরাও মাস্তানি’ রণবীরের জীবনে কী কী পরিবর্তন এনেছে? ছটফটে রণবীর কী তবে একেবারে শান্ত হয়ে যাবেন? নাকি মুখে একটু লাগাম দেবেন এবার?নতুন এই ছবিটি নাকি রণবীরকে আরও বেশি দৃঢ় এবং বুদ্ধিমান করেছে। অন্তত মুখে বললেও এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।
তাঁর অভিনীত চরিত্র ‘বাজিরাও’-এর জীবনের সঙ্গে নিজের কোনো মিল খুঁজে পান কিনা এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর না দিলেও রণবীর বলেন, ‘বাজিরাও এর জীবনে অনেক নাটকীয়তা ছিল।’ রণবীরের এই কথা অবশ্য তাঁর জীবনের নাটকীয়তার ক্ষেত্রেও প্রযোজ্য।
প্রসঙ্গত, প্রায় ১ থেকে দেড় যুগ ধরে ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি নির্মাণের পরিকল্পনা করে আসছিলেন সঞ্জয় লীলা বনশালী। প্রথমে তিনি সালমান খানকে ‘বাজিরাও’ চরিত্রে ভেবেছিলেন। পরে এ চরিত্রের জন্য চূড়ান্ত করেন রণবীর সিংকে।
রণবীর সিং ‘বাজিরাও মাস্তানি’ ছবির ব্যাপারে আশাবাদী। ঐতিহাসিক চরিত্র বাজিরাওয়ের ভূমিকায় নির্মাতার প্রত্যাশা ভালোমতোই পূরণ করতে পেরেছেন বলেও রণবীরের বিশ্বাস।
‘বাজিরাও মাস্তানি’ ছবিটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর। তখন জানা যাবে দর্শকের প্রত্যাশা ঠিক কতটুকু পূরণ করতে পেরেছেন এই তারকা। এনডিটিভি।