বদলে গেছেন 'আলাভোলা' শারমান

আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিল ছেলেটা। ওই যে— ‘থ্রি ইডিয়টস’ ছবির সেই ‘রাজু’। অভিনেতা হিসেবে শারমান যোশি খুব একটা সফল কি না, তা বলা মুশকিল হলেও চরিত্রের বৈচিত্র্যে বেশ এগিয়ে গেছেন বলিউডের এই অভিনেতা। অবশ্য এই বৈচিত্র্য আনতে ‘থ্রি ইডিয়ট’, ‘রং দে বাসন্তী’ ছবির সেই ‘আলাভোলা’ সুবোধ শারমান যোশি বদলে গেছেন ‘দুষ্টু’ শারমানে।
সম্প্রতি এই অভিনেতাকে দেখা গেছে ‘হেট স্টোরি ৩’ ছবিতে। ‘আলাভোলা’ ইমেজের শারমানকে ওই অবস্থায় দেখে অনেক দর্শকই বেশ ধাক্কা খেয়েছেন। চরিত্রের প্রয়োজনে মানুষকে বদলাতে হয় বটে। তাই বলে এক লাফে অমন রগরগে দৃশ্যে! অনেকেই হয়তো ভেবেছেন, ইস, ছেলেটা ‘দুষ্টু’ হয়ে গেল! শুধুই কি ক্যারিয়ারের কথা ভেবেই এই বাঁক নেওয়া? নাকি বৈচিত্র্য আনারও তাগিদে, কে জানে।
বৈচিত্র্যই হবে হয়তো, কেননা সেই ‘হেট স্টোরি ৩’-এর পর এবারে ভৌতিক ছবিতে দেখা যাবে তাঁকে। ‘১৯২০’ সিরিজের সিক্যুয়েল ‘১৯২০ লন্ডন’ ছবিটিতে আছেন তিনি। বেশ কয়েক বার মুক্তির তারিখ পেছানো এই ছবিতেও তাঁকে দেখা যাবে খানিকটা রগরগে ধরনের দৃশ্যে। এতে শারমানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া।